dhapaEnviornment Others 

চামড়াজাত বর্জ্যের ব্যবস্থাপনায় নতুন ধাপার প্রয়াস রাজ্যের

আমারবাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুধুমাত্র চামড়ার বর্জ্যর জন্য নতুন ধাপা। যেখানে সেখানে চামড়া কারখানার বর্জ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ।আবার সেই বর্জ্য জলে মিশে বিষও ছড়াচ্ছে। এই চামড়া পোড়ানোর ফলে দূষিত হচ্ছে ট্যাংরা, তপসিয়া, প্রগতি ময়দান সহ কলকাতা লেদার কমপ্লেক্সের বিভিন্ন এলাকা। পাশাপাশি বাতাস ও জলদূষণের এই চিত্র বদলানোর জন্য এবার চামড়াজাত বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ধাপা তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার।

জানা গিয়েছে,এক্ষেত্রে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা খরচ ধরা হয়েছে। রাজ্য পরিবেশ দপ্তর সূত্রের খবর, আগামী বছর মার্চের মধ্যেই চামড়াজাত বর্জ্যের ব্যবস্থাপনার জন্য নতুন ধাপ তৈরি হয়ে যাবে। জানা যায় রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সঙ্গে যৌথ প্রয়াসে এই কাজ শুরু করবে কেএমডিএ। সূত্রের আরও খবর, কলকাতা লেদার কমপ্লেক্সের আন্দুলগড়ি মৌজায় এক একর জমি চিহ্নিত হয়েছে।

ওই এলাকায় পরিকাঠামো গড়ার কাজ ২০ শতাংশের মতো এগিয়েছে বলে জানা যায়। আবার বাকি কাজ পরবর্তী বছরের মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কলকাতা-সহ সমগ্র রাজ্যের বর্জ্য পাহাড়গুলির হাল ফেরানোর জন্য বেশ কয়েক বার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে রাজীবনগর ধাপার দূষণ নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে না-পাড়ার জন্য রাজ্যকে জরিমানাও দিতে হয়েছে।

আবার কলকাতা ও হাওড়ার বায়ুদূষণ নিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্তর করা মামলার পরিপেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা হলফনামা দিয়ে জানিয়েছেন, রাজ্যের ৬৯টি বর্জ্য পাহাড়ে বায়ো-মাইনিংয়ের জন্য ই-প্রস্তাব দিয়েছে কেএমডিএ। আবার মুর্শিদাবাদ, খড়্গপুর,ও শিলিগুড়িতে বর্জ্য পাহাড়ে বায়ো-মাইনিংয়ের কাজ দ্রুত শুরু হচ্ছে।অন্যদিকে কলকাতায় ধাপার হাল ফেরানোর তৎপরতাও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment