পিচ বার্নার্স ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত হল
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: পিচ বার্নার্স ক্রিকেট লীগের তৃতীয় সংস্করণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পানিহাটি স্পোর্টিং সোদপুর মাঠে। এই খেলায় অর্ডন্যান্স ফ্যাক্টরিকে পরাজিত করে লীগ জয়ী হল পিচ বার্নার্স। আয়োজক সূত্রে খবর, মোট ৪টি টিম নিয়ে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পিচ বার্নার্স, অর্ডন্যান্স ফ্যাক্টরি, ভাস্কর আদিত্য ফাউন্ডেশন ব্রাদার্স এবং ফিনিক্স। লীগ রাউন্ডের খেলায় সব থেকে বেশি পয়েন্ট পেয়ে পিচ বার্নার্স এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি ফাইনাল খেলে।
আয়োজক সূত্রে আরও খবর, এদিনের ম্যাচে অর্ডন্যান্স টীম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভাল করলেও মিডল অর্ডার ভাল পার্টনারশীপ করতে ব্যর্থ হয়। আদিত্য দত্ত ৪৯ রানের দারুন ইনিংস খেলেন। অবশেষে ২৯তম ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রানের লক্ষ স্থির করে।
এরপর পিচ বার্নার্স দলের ওপেনিং জুটি তারকনাথ রায় এবং অর্পণ হাজরা দ্রুত এবং আক্রমক ব্যাটিং শুরু করলেও ব্যক্তিগত ৩৫ রানে তারক আউট হয়। কিন্তু সুদীপ্ত শীল (৭৯) এবং অর্পণ (অপরাজিত ৬৩) রানের অনবদ্য ইনিংস পিচ বার্নার্স-এর জয় সুনিশ্চিত করে। অভিজিৎ তুলাল গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। অন্যদিকে, যুগ্মভাবে আউটস্টান্ডিং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় সুদীপ্ত শীল (৭৯ রান) এবং আদিত্য দত্ত (৪৯ রান/ ২ উইকেট)।
এছাড়া টুর্নামেন্টে সর্বোচ রান করেন তারকনাথ রায় এবং সব থেকে বেশি উইকেট পেয়েছেন সিদ্ধার্থ দাস। পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বিশেষ কৃতিত্ব দেখিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অর্পণ হাজরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের অর্জিত অর্থ থেকে সুন্দরবনের হেমনগরের অধিবাসীদের মধ্যে কম্বল এবং শীতবস্ত্র বিতরণের জন্য সমাজসেবী সংস্থা “কোরাস”-কে অনুদান হিসাবে দেওয়া হয়।

