শব্দ “ব্রহ্ম” তাই শব্দ চয়নে সতর্কতা চাই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শব্দ হচ্ছে “ব্রহ্ম”। শাস্ত্র ও বেদান্ত মতে বলা হয়ে থাকে,সব কিছু উচ্ছিষ্ট হয়েছে,একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে,আমরা মুখ দিয়ে কথা বলি। তা আসলে “এটো” । মুখে লেগে যাওয়া মানেই সব কিছু উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে। কেবলমাত্র “ব্রহ্ম”-কে মুখে বলা যায় না। তাই উচ্ছিষ্ট নয়। বিদ্বেষমূলক কথাবার্তা বর্তমান সময়ে বেড়ে চলেছে। এক্ষেত্রে সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে প্রতি মুহূর্তে।
আবার রাজনৈতিকভাবে “হেট স্পিচ” -এর ব্যবহার বেশি হয়ে থাকে । রাজনৈতিক মহলে সতর্কতার সঙ্গে বাক্য চয়ন করা হচ্ছে না বলে বিভিন্ন সময়ে অভিযোগ সামনে আসে। বিদ্বেষপূর্ণ স্লোগান ও বক্তব্য শোনা যায় বিভিন্ন সময়। তার ফলে হিংসা বাড়ে ও শান্তি বিঘ্নিত হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,”যে আদর্শ অন্য আদর্শের প্রতি বিদ্বেষপরায়ণ,তাহা আদর্শই নহে।” শব্দ “ব্রহ্ম” বলেই সতর্ক ও সাবধানী মন্তব্য করতে হয়। আঘাত দিয়ে কথা বলাটা সাজে না। মুহূর্তেই কোনও শব্দে কেউ আঘাত পেতে পারেন। তাই চিন্তা-ভাবনা করে শব্দ চয়ন করা জরুরী। এই জন্যই শব্দকে “ব্রহ্ম” বলা হয়।
(ছবি: সংগৃহীত)

