ইন্টারভিউ স্থগিত থাকছে ইউপিএসসি-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্টারভিউ স্থগিত ইউপিএসসি-র। দেশ জুড়ে করোনা আবহ বাড়ছে। প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষার সব ইন্টারভিউ স্থগিত রাখা হচ্ছে। একটি বিজ্ঞপ্তিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সূত্রে জানানো হয়েছে, ২০২০ সালের সিভিল সার্ভিস পরীক্ষার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ আগামী ২৬ এপ্রিল থেকে ১৮ জুনের মধ্যে হওয়ার কথা ছিল। পরবর্তী নির্দেশের পূর্বে পর্যন্ত সেগুলি স্থগিত থাকছে।
এক্ষেত্রে আরও জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সরাসরি ভর্তির জন্য যে-সব ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, সেগুলির পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। এ বিষয়ে আরও বলা হয়, আইইএস-আইএসএস পরীক্ষার ইন্টারভিউ হওয়ার কথা ছিল ২০ থেকে ২৩ এপ্রিলের মধ্যে। স্থগিত থাকছে তা-ও। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে বিভিন্ন ইন্টারভিউয়ের পরবর্তী তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছে ইউপিএসসি।

