উন্মাদনা বিশ্বকাপ ফুটবল ফাইনাল ঘিরে
স্পেন বনাম আর্জেন্টিনা। মেসি বনাম ইয়ামাল। আবার স্কালোনি বনাম ফুয়েন্তে। লিওনেল মেসি ফুটবল কেরিয়ারের তৃতীয় ফাইনাল ওয়ার্ল্ড কাপ খেলতে চলেছেন। আর্জেন্টিনা ও দেশ-বিদেশের মেসি ভক্তরা স্পেন ও আর্জেন্টিনার মধ্যে ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখবেন। তাই এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মুখোমুখি হতে চলেছে বর্তমান ইউরো জয়ী ও কোপা আমেরিকা জয়ী দুটি দল। এই প্রথম ফাইনাল ফিফা রাঙ্কিংয়ে এক বনাম দুয়ের লড়াই জমজমাট হতে চলেছে। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক,ফুটবল মাঠের যুদ্ধে স্পেন আর আর্জেন্টিনা কতবার মুখোমুখি হয়েছে। ম্যাচ সংখ্যা ১৪। আর্জেন্টিনা জয় পেয়েছে ৬ বার। স্পেনও জয় পেয়েছে ৬ বার। ম্যাচ ড্র হয়েছে ২ বার।
ফুটবলের বাইরে নিজেদের মধ্যে যুদ্ধে জড়ানোর ইতিহাসের খোঁজও পাওয়া যায়। ১৮১০ সাল থেকে ১৮২৫ সাল অবধি মাঝে মধ্যেই দুই দেশ লড়াইয়ে সামিল হয়েছে। এটি ছিল আর্জেন্টিনার স্বাধীনতার যুদ্ধ। স্প্যানিশ শাসন থেকে মুক্তির জন্য আর্জেন্টাইন বিপ্লবী বাহিনীর সঙ্গে লড়াই চলেছিল। তাহলে আন্দাজ করতেই পারছেন কি উত্তেজনার হতে চলেছে ম্যাচটি। নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে শেষ হাসি কে হাসবেন সেদিকে নজর থাকবেই। আর চোখ থাকবে বিশ্বের দুই তারকা ফুটবলার মেসি আর ইয়ামালের দিকে। এই মুহূর্তে মেসি গোল করেছেন ৮টি। লামিনে ইয়ামালের গোল সংখ্যা ১। তবে আর্জেন্টিনার প্রধান ভরসা মেসি। আর স্পেন তাকিয়ে ইয়ামালের দিকেই। স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার মেসিরা বিশ্বকাপ ঘরে তুলতে পারবেন,সেই প্রশ্নটা থাকছেই। পাশাপাশি কোচিং ট্যাক্টিসে আর্জেন্টিনার কোচ স্কালোনি এবং স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে কে কাকে টেক্কা দেয় সে দিকেও নজর থাকবেই।

