পর্যাপ্ত বৃষ্টির অভাব : মালদহে আমন চাষে বিঘ্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব রয়েছে । বৃষ্টি না হওয়ায় সমস্যায় মালদহ জেলার কৃষকরা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী জানানো হয়েছে,স্বাভাবিকের তুলনায় প্রায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত কম হয়েছে এই জেলায়। এই অবস্থার মধ্যে রীতিমতো সমস্যার মুখোমুখি মালদহ জেলার আমন ধান চাষীরা।
স্থানীয় সূত্রের খবর, বীজতলা তৈরি হয়ে গেলেও এখনও জমি তৈরি করতে পারছেন না কৃষকরা। বৃষ্টির জলের অভাব দেখা দিচ্ছে। শুকনো হয়ে পড়ে রয়েছে চাষ জমি। তবে অনেক জায়গায় জল সেচের মাধ্যমে চাষ শুরু হলেও তা পর্যাপ্ত নয়। বৃষ্টি না হলে সেই ধানগুলোও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এখনই বৃষ্টি না হলে মালদহ জেলায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকছে।
মালদা জেলার কৃষি দফতর সূত্রের খবর,চলতি মরশুমে মালদহ জেলায় এক লক্ষ ৫২ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয় । গাজোল,বামনগোলা ও হবিবপুর ব্লকে সব থেকে বেশি আমন ধান চাষ হয়ে থাকে। পাশাপাশি পুরাতন মালদা, ইংরেজবাজার, চাঁচল ও হরিশ্চন্দ্রপুর ব্লকের বহু এলাকায় আমন ধান চাষ হয়ে থাকে। এই চাষের ক্ষেত্রে অধিকাংশ ধান চাষী বৃষ্টির জলের উপর নির্ভরশীল থাকে। সব মিলিয়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জেরবার পরিস্থিতিতে জেলার কৃষকরা। (ছবি: সংগৃহীত)

