বনধ নিয়ে সতর্ক নবান্ন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আগামীকাল বনধ নিয়ে বিশেষ সতর্ক নবান্ন। ধর্মঘট নিয়ে বৈঠক করল নবান্নের শীর্ষ মহল। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সব জেলার জেলাশাসকদের জরুরী ভিত্তিতে বৈঠকে ডাকেন। বৈঠকে বনধ নিয়ে জেলাগুলিকে সতর্ক করেছেন মুখ্যসচিব।
কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর দিতে হবে বলে নির্দেশও দিয়েছেন। বনধ মোকাবিলা করার জন্য সব রকমের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার-সহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্তা-ব্যক্তিরা। বৈঠক চলাকালীন নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ করা যায়, আগামিকাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ ইস্যুতে বনধের ডাক দেওয়া হয়েছে। বনধকে সমর্থন করছে বামেরা। ধর্মঘটের প্রভাব পড়ার আশঙ্কা থাকছে সরকারি দফতর, স্কুল – কলেজগুলিতে। এরপর নবান্নের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
(ছবি: সংগৃহীত)

