ভোটমুখী পশ্চিমবঙ্গে নয়া রাজ্যপাল
প্রাক্তন গোয়েন্দাকর্তা আরএন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসীন হতে চলেছেন। জন্ম বিহারের পাটনায়। ১৯৭৪ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করেন। ১৯৭৬ সালে ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএস পদে যোগ দেন। দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর দায়িত্বও সামলেছিলেন। তদন্তকারী অফিসার হিসাবে বেশ কয়েকটি দুর্নীতি দমন অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় গোয়েন্দা বিভাগ (আইবি)-তে কাজ করার সময় জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত এলাকায় বিদ্রোহ দমন করার নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তিনি। দক্ষিণ এশিয়ায় অভিবাসন নিয়ে জ্ঞান রয়েছে তাঁর। ভারতের অনেক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মূলস্রোতে ফিরিয়ে আনার কান্ডারী তিনি।
সন্ত্রাস দমনে আন্তর্জাতিক মহলে গোপন তথ্য বিনিময়ের ক্ষেত্রেও ভূমিকা ছিল তাঁর। ২০১২ সালে অবসর গ্রহণ করেছিলেন প্রাক্তন এই আইপিএস। ২০১৪ সালে নাগা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার।২০১৮ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হন তিনি। তামিলনাড়ুর রাজ্যপালও হয়েছেন তিনি। একাধিকবার সংঘাত ও মতান্তরে জড়ান স্ট্যালিনের ডিএমকে সরকারের সঙ্গে। ২০১৯ সালের ১ অগস্ট থেকে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল। প্রধানমন্ত্রীর দফতরের যুগ্ম গোয়েন্দা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন। এবার ভোটমুখী পশ্চিমবঙ্গ। রাজ্যপালের পদে বসছেন রবি। ইস্তফা সিভি আনন্দ বোসের।

