mobile thiefBreaking News Others 

মোবাইল, ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশের জালে ১

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে আইটি কর্মীর ঘরের জানলা থেকে আঁকশি দিয়ে মোবাইল, ল্যাপটপ চুরির ঘটনা ঘটল। আর এই ঘটনায় সুব্রত মন্ডল ওরফে খুঁচে নামে একজনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের বাড়ি নিউটাউনের যাত্রাগাছি আর আর সাইট। সেখান থেকে চুরি যাওয়া ৪টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করেছে।

সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর নিউটাউনের রামকৃষ্ণ পল্লীর একটি বাড়ির জানলা ভেঙে চুরি যায় দুটি মোবাইল ফোন সহ বেশকিছু মূল্যবান জিনিস। নিউটাউন থানায় চুরির অভিযোগ দাখিল করা হয়। চুরির তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নিউটাউনের যাত্রাগাছি খালপাড় থেকে এক যুবককে গ্রেফতার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে ধৃত সুব্রত। ধৃত যুবক জানায়, আইটি কর্মীদের সে নজরে রাখতো।

মূলত কার কাছে দামি মোবাইল রয়েছে সে বিষয়ে সে খোঁজখবর নিত। এরপর ওই আইটি কর্মীদের পিছু করে সে কোথায় থাকে সেটা দেখে নিত। পাশাপাশি কখন কাজে যায়, কখন বাড়ি ফেরে সেইসব পর্যবেক্ষণ করত।

ধৃত ওই যুবক আরও জানায়, এরপর সময়-সুযোগ বুঝে গভীর রাতে বাড়ির জানালা দিয়ে আঁকশি দিয়ে মোবাইল বা ল্যাপটপ চুরি করে চম্পট দিত। পুলিশ জানিয়েছে, আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে।

Related posts

Leave a Comment