স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভেষজ আবির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বসন্তের উৎসব। চারদিক সেজে উঠবে নানা রঙের বন্যায় । অনেকেরই রঙ নিয়ে ভয় রয়েছে। বহু মানুষ মনে করেন,রঙে শরীরের ত্বক খারাপ হয়ে যায়। চামড়ার সংক্রমণ হয় এমনও অনেকে মনে করে থাকেন। আবার আবিরের রুক্ষ দানায় ত্বকের ক্ষতির ভয় করে থাকেন অনেকে । এই সব কারণে দোলের দিন নিজেকে সকলের আড়ালে রাখতে ভালোবাসেন বহু মানুষ।
মুক্ত আকাশে বসন্তের দোল উৎসব উপভোগ করতে পারেন নানা রঙের আবিরে। শরীরের ত্বক খারাপ হওয়ার ভয় নেই এই আবিরে। এই ভেষজ আবির বাড়ির মহিলারাই তৈরি করছেন।এ বিষয়ে স্থানীয়ভাবে জানা গিয়েছে, বিট, গাঁধা ফুল,গোলাপের পাঁপড়ি থেকে তৈরি করা হচ্ছে এই ভেষজ আবির । পূর্ব বর্ধমানে মেমারীর পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবীর তৈরির জন্য।
স্থানীয় সূত্রে আরও জানা যায়,এলাকার ৪ টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে শেখানো হয়েছে এই ভেষজ আবির বানানোর পদ্ধতি। সমিতির উদ্যোগেই এই আবিরগুলি বাজারজাত ও বিক্রীর ব্যবস্থা করা হয়ে থাকে । আবিরগুলির দাম প্রতি কেজি ১৬০ টাকা । বাড়িতে ব্যবহারের জন্যই শুধু নয়,আবির বানানোর প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাণিজ্যিকভাবে তা বিক্রিও করছেন। এক্ষেত্রে স্বনির্ভর হওয়ার সুযোগও গ্রহণ করছেন গোষ্ঠীর মহিলারা ।

