১ জুন দুই বিধানসভায় উপনির্বাচন, সজলের ওপর ভরসা রাখলো পদ্ম শিবির! অন্য কেন্দ্রে প্রার্থী কে?
উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় তৎপরতা গেরুয়া শিবিরের ৷ বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রার্থী ঘোষণা করল বিজেপি।
এই দুটি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল, বামফ্রন্ট বা কংগ্রেস ৷ বরানগর বিধানসভা কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী হলেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ ৷ ভগবানগোলায় গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার ৷ উল্লেখ করা যায়, বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায় ৷ এরপর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ কলকাতা উত্তর কেন্দ্রের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছেন তাপসবাবু। আবার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা আসনটি শূন্য রয়েছে। আগামী ১ জুন এই বিধানসভা কেন্দ্র দুটিতে উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷
সজল ঘোষ গত পুরভোটে কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ড থেকে
বিজেপির কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। রাজ্য বিজেপির এখন বেশ জনপ্রিয় মুখ তিনি ৷ প্রদীপ পুত্র সেই সজলেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। দল লোকসভা নির্বাচনে টিকিট না দিলেও উপনির্বাচনে তরুণ এই নেতাকে বিধানসভার প্রার্থী করল বিজেপি।
প্রার্থী হওয়ার খবরে সজল ঘোষ তাঁর প্রতিক্রিয়ায় জানান, “আমার উপর আস্থা রাখায় দলকে ধন্যবাদ ৷ আমার রাজনৈতিক গুরু তাপস রায় ৷ তাঁর আশীর্বাদ নিয়েই আমি এগোব৷ উত্তর কলকাতায় আমাদের সংগঠন শক্তিশালী ৷ আশা করছি দলকে আমি নিরাশ করব না ৷”

