১ জুন থেকে ৫০ শতাংশ যাত্রী- ভাড়া বৃদ্ধি বিমানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লোকসান ঠেকানোর জন্য ভাড়া বৃদ্ধি বিমানের। সূত্রের খবর,১ জুন থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারবে বিমান সংস্থাগুলি। আগে ৮০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারছিল বিমানগুলি।
এক্ষেত্রে জানানো হয়েছে,কমানো হচ্ছে যাত্রী সংখ্যা। তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে বৃদ্ধি হচ্ছে বিমান ভাড়াও। করোনার প্রকোপ বাড়তে থাকায় বিমানে ভিড় কমানোর জন্য এমনই সিদ্ধান্ত গ্রহণ করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক । বর্তমান অবস্থায় যাতে বিমান সংস্থাগুলি মুখ থুবড়ে না পড়ে,তার জন্য ১৩ থেকে ১৬ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মার্চ মাসে ভাড়ায় ৫ শতাংশ বৃদ্ধি হয়েছিল।
সূত্রের আরও খবর,সর্বনিম্ন ভাড়া বাড়ালেও সর্বোচ্চ ভাড়ার ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। এই সিদ্ধান্তে মধ্যবিত্তের ওপর চাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিমান সংস্থাগুলিকে কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ করা যায়,করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে ব্যাপক প্রভাব পড়েছে বিমান সফরে। বেশিরভাগ বিমানে যাত্রী সংখ্যা কমে গিয়েছে।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রের খবর,৪০ মিনিটের কম উড়ানের ক্ষেত্রে বিমানভাড়া বাড়ানো হয়েছে ১৩ শতাংশ।
এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ২৩০০টাকা থেকে বেড়ে হয়েছে ২৬০০টাকা। অন্যদিকে ৪০ থেকে ৬০ মিনিটের উড়ানের ক্ষেত্রেও ভাড়া বেড়েছে। ২৯০০ টাকার পরিবর্তে ভাড়া হয়েছে ৩৩০০ টাকা। ১ জুন থেকেই এই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানা যায়। করোনা মহামারীর এই সময়ে বহু মানুষ ট্রেনের ভিড় এড়াতে দেশের অন্য শহরে যাওয়ার জন্য বিমানকেই হাতিয়ার করছেন। বিমানের টিকিটের ভাড়া বৃদ্ধি পাওয়ায় এবার সেই প্রবণতা কমবে বলে মত একাংশের। কোভিড আবহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান শিল্প। এই অবস্থায় বিমানের ভাড়া না বাড়ালে শিল্পের প্রভূত ক্ষতি বলে মনে করা হচ্ছে।

