পানীয় জলের সমস্যায় জর্জরিত বারুইপুরের মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তীব্র জলকষ্টে বারুইপুরের মানুষ দুর্ভোগে। স্থানীয় সূত্রের খবর, পানীয় জলের সমস্যায় এখানকার মানুষ জেরবার। বাজার রয়েছে, জনবসতিও রয়েছে। তবে কোনও টিউবওয়েল নেই। প্রায় ২ কিলোমিটার দূরে স্কুলের কল থেকে জল আনতে হচ্ছে এলাকাবাসীদের। ঠিক এমনই অবস্থা বারুইপুরের উত্তর ভাগের বাসিন্দাদের। এই নিয়ে ক্ষোভ বেড়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দোকান থেকে চড়া দাম দিয়ে জল কিনতেও হচ্ছে। প্রশাসনের সব স্তরে জানানোর পরও কাজ হয়নি।
বারুইপুর ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার কথা শুনেছি। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে রামনগর-২ পঞ্চায়েতের উত্তর ভাগবাজার এলাকা। বাসস্ট্যান্ড থেকে ভিতরে কয়েক কিলোমিটার এগোলেই জনবসতি। বাজারে ১০০-রও উপর দোকান রয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। উল্লেখ্য, শুধু উত্তর ভাগ এলাকা ছাড়াও হাড়দহ, নবগ্রাম ও বৃন্দাখালি এলাকা থেকে মানুষ এসে ভিড় জমান বাজারে। এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের টিউবওয়েল নেই। প্রায় ২ কিলোমিটার দূরে প্রাথমিক স্কুলে একটি কল রয়েছে। ওই কলে ভোর থেকে জল নিতে লাইন পড়ে যায়। কে আগে জল নেবে, তা নিয়ে মারামারিও হয়। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বাসিন্দারা জানিয়েছেন, স্কুলের কলের জলও নোনা। বাধ্য হয়ে এই জলই সবাইকে খেতে হচ্ছে।

