দিঘার হোটেল খুললেও রয়েছে পর্যটকহীন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দিঘার সমুদ্র সৈকতে খুলে গেল প্রায় ৬০ শতাংশ হোটেল। স্থানীয় সূত্রের খবর, করোনা আবহের মধ্যেই দিঘার প্রায় ৬০ ভাগ হোটেল-লজ খুলে গিয়েছে। তবে হোটেল খুললেও পর্যটকদের দেখা মিলছে না। পর্যটকরা ধীরে-ধীরে আসতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দিঘা মোহনার মাছ বাজারও খুলে গিয়েছে। সূত্রের আরও খবর, সরকারি সমস্ত নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে কাঁথির ৩টি মৎস্যবন্দর শঙ্করপুর, পেটুয়াঘাট ও শৌলা থেকে মৎস্যজীবীরা ট্রলার ও লঞ্চ নিয়ে গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছেন।
উল্লেখ্য, ৩ শতাধিক ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। তার মধ্যে কয়েকটি ট্রলার ফিরেছে। খুব সামান্যই ইলিশ এসেছে। মৎস্যজীবীরা মনে করছেন, অনুকূল আবহাওয়া তৈরি হলে এবং ট্রলার সমুদ্রের আরও গভীরে গেলে সন্ধান মিলবে ইলিশের। প্রসঙ্গত, গত ১১ জুন দিঘায় ৩০ শতাংশ হোটেল-লজ খুলেছিল। এক বৈঠকে দিঘার বাকি হোটেল-লজগুলি খোলার ক্ষেত্রে অনুমতি দিয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে ৬০ শতাংশ হোটেল-লজ খুলে যায়। হোটেলগুলিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। এখন খুব কম সংখ্যক পর্যটকই দিঘায় আসছেন। স্নানে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নিউ দিঘার সমুদ্রে কমবেশি পর্যটকের দেখা মিলেছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার আবহে এখনও অনেক হোটেল ও লজের কর্মীরা আসেননি। অনেকে আসতে চাইছেন না। তাই সব হোটেল-লজ এখনও খোলা সম্ভব হয়নি। তবে কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

