প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বুধবার রাত্রে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় সোমেন মিত্রের ৷ রাত ১টা ৫০মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বাংলার রাজনীতির একটি যুগের অবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ৷ দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন ৷ কিডনির সমস্যাও ছিল ৷ দিল্লির এইমসে (AIIMS) এর আগে ভর্তি ছিলেন ৷ গত ২১ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায়, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় ৷ ১৯৪১ সালে তাঁর জন্ম ৷ দলের কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন ৷ তাঁকে সকলে ছোড়দা বলে ডাকত ৷ ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হোছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি হন। এরপরে ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সে বছর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজয়ী হন। ২০১৪ সালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের জাতীয় কংগ্রেসে ফিরে আসেন। ২০১৮ সালে ফের রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হন ৷ সোমেন মিত্রের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য তথা কংগ্রেস ও বিভিন্ন রাজনৈতিক মহল ৷

