দেশে কর্মক্ষেত্রে সঙ্কট বেড়েই চলেছে: সমীক্ষা রিপোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশে ৫৯ লক্ষ পেশাদার শেষ ৪ মাসে চাকরি হারিয়েছেন, সমীক্ষায় এমনই পূর্বাভাস। করোনাজনিত পরিস্থিতিতে দেশে কর্মক্ষেত্রে সঙ্কট বেড়েই চলেছে। দ্রুত বাড়ছে বেকারত্ব। সূত্রের খবর, সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা যায়, ৪ মাসে প্রায় ৫৯ লক্ষ কায়িক শ্রম করেন না এমন ব্যক্তি চাকরি হারিয়েছেন। ওই তালিকায় রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট ও বিশ্লেষকরা। পাশাপাশি বেকার হয়ে পড়ছেন চিকিৎসকরাও।
এক্ষেত্রে সেল্ফ এমপ্লয়েড কোয়ালিফায়েড প্রফেশনালদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গিয়েছে। ওই সমীক্ষাতে আরও বলা হয়েছে, হোয়াইট কলার ডেস্ক এমপ্লয়ি অর্থাৎ যাঁরা ডেস্কে কাজ করেন বা বিপিও-তে কাজ করেন, এমন কর্মীদের উপর লকডাউন পর্বে খুব একটা প্রভাব পড়েনি। এই সময় কর্মচারীদের একটা বড় অংশ ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে থেকে কাজ করেছেন। সিএমআইই-র কনজিউমার পিরামিডস হাউজহোল্ড সার্ভে রিপোর্টে তুলে ধরা হয়েছে বেকারত্বের এই ভয়াবহ ছবি।
এক্ষেত্রে বলা হয়েছে, করোনা পরিস্থিতির জেরে গত মার্চের শেষে দেশজুড়ে লকডাউন পর্ব শুরুর পর থেকেই মারাত্মক হারে বেকারের সংখ্যা বেড়ে চলেছে। আনলক পর্ব শুরু হলেও সেই সঙ্কট এখন কাটেনি। সমীক্ষায় আরও দাবি করা হয়, ২০১৯ সালের মে থেকে আগস্টের মধ্যে হোয়াইট কলার পেশাদারদের ক্ষেত্রে দেশে ১ কোটি ৮৮ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়। এরপর সেই সংখ্যা ক্রমশ কমতে থাকে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ৪ মাসে সেই সংখ্যার খুব একটা বদল হয়নি। এমনকী চলতি বছরের প্রথম ৪ মাসেই কর্মসংস্থান কমে হয় ১ কোটি ৮১ লক্ষ। রিপোর্ট অনুযায়ী আরও জানা গিয়েছে, করোনার পরিস্থিতির প্রভাব তখন থেকেই শুরু হয়। আবার মে থেকে আগস্ট মাসের এই ৪ মাসে কর্মসংস্থান অনেকটা নেমে যায়। এক্ষেত্রে কর্মসংস্থান হয় ১ কোটি ২২ লক্ষ। লকডাউন ও আনলক পর্বের ৪ মাসে ৫৯ লক্ষ পেশাদার কর্মী তাঁদের চাকরি হারিয়েছেন।

