New Town LibraryOthers 

ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির বইয়ের সম্ভারে সামিল নিউটাউন গ্রন্থাগার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির বইয়ের সম্ভার রাজ্যের বইপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়াস নেওয়া হয়েছে। এই উদ্যোগে সামিল নিউ টাউন গ্রন্থাগার। সূত্রের খবর, চলতি মাসে হিডকোর বৈঠকে এই পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হিডকো সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে দু-পক্ষের কথাবার্তার পর অক্টোবরে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সঙ্গে এই চুক্তি হলে বইপ্রেমীরা আরও বিভিন্ন স্বাদের বই পড়ার সুযোগ পাবেন নিউ টাউনের গ্রন্থাগারে।

হিডকো সূত্রে আরও জানা গিয়েছে, এছাড়া দেশের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও ভবিষ্যতে এই গ্রন্থাগারকে জুড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নিউ টাউনের নজরুল তীর্থের দুটি তলে থাকা ওই গ্রন্থাগারে একটি আলাদা জায়গায় ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির ৩০০টি বই রাখা হবে। অন্যদিকে ই-বুকের মাধ্যমেও ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির বই পড়ার সুযোগ পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি আলোচনাসভা, কর্মশালা, ভাষা-শিক্ষা, কর্মসংস্থানকেন্দ্রিক আলোচনার আয়োজন করে থাকে। এই সংক্রান্ত বিষয়ের সঙ্গেও যুক্ত হতে পারবে নিউ টাউন গ্রন্থাগার। গ্রন্থাগারে প্রযুক্তিকে ব্যবহার করে বই পড়া থেকে কর্মসংস্থান, ভাষা-শিক্ষার বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপুজোর পূর্বেই বইপ্রেমীদের নাগালে নানা বইয়ের সম্ভার পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Related posts

Leave a Comment