প্লাস্টিকের বিকল্প ভাবনা
জলের স্পর্শে গলে যাবে ব্যাগ। প্লাস্টিকের বিকল্প ভাবনা। পরিবেশ দূষণ রোধে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার প্রয়াস। অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। উল্লেখ্য, অতীতে প্লাস্টিক বর্জন করার প্রস্তাব এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য পাটের বা চটের থলে ব্যাগের প্রচলন বাড়ানোর চেষ্টা করা হয়। সাধারণ মানুষের সচেতনতার অভাবে তা বাস্তবে সেভাবে সফল হয়নি। এই পরিস্থিতির আবহে পরিবেশ রক্ষায় প্রচলিত নিয়মের বদল আনতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর। ওই দফতর সূত্রের খবর, এবার ভুট্টা দানার তৈরি বিশেষ এক ধরনের বায়ো-ডিগ্রেডেবল বা পরিবেশবান্ধব ব্যাগের প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। মন্ত্রী জানিয়েছেন,আগামী দিনে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিনগুলির মাধ্যমে সাধারণ মানুষ মাত্র ২ টাকা, ৫ টাকা বা ১০টাকা খরচ করে খুব সহজেই এই বিশেষ ব্যাগগুলি সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে আরও জানা গিয়েছে,এই ব্যাগগুলির বিশেষ বৈশিষ্ট্য হলো-এগুলি দেখতে প্লাস্টিকের মতো হলেও একবার ব্যবহারের পর জলে ফেললে বা জলের স্পর্শ পেলেই গলে যায় বা মিশে যায়। সব মিলিয়ে প্লাস্টিকের মতো পরিবেশের ক্ষতি করবে না। পাশাপাশি রাস্তায়-বাড়িতে বা ডাস্টবিনে অতিরিক্ত জঞ্জাল জমানোর কোনও ঝামেলা থাকবে না। বিষয়টি স্পষ্ট করে তিনি জানিয়েছেন,প্রাত্যহিক জীবনে বাজারে গিয়ে অনেকেই ব্যাগ বা কাপড়ের থলে আনেন না। এই পরিস্থিতিতে মাছ,মাংস,সবজি বা অন্যান্য জিনিস কেনার মতো জরুরি প্রয়োজনে ভুট্টার দানা দিয়ে তৈরি ব্যাগটি মাত্র ২ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়বে না। বাজারে বিশেষ প্রযুক্তিযুক্ত ভেন্ডিং মেশিন বসানো হবে সেখানে প্লাস্টিকের খালি বোতল জমা দিলে কোনও অর্থ খরচ না করেই সরাসরি বিনামূল্যে এই পরিবেশবান্ধব ব্যাগটি পাওয়া যাবে। বর্জ্য প্লাস্টিক রিসাইকেল করার পাশাপাশি দূষণমুক্ত সবুজ পরিবেশ গড়তে ভাবনা চলেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমী মহলে তৎপরতা শুরু।
