আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মস ক্রুজ মিসাইল পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্দামানে ব্রহ্মস। সূত্রের খবর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মস ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ভারতীয় সেনা। এক্ষেত্রে জানা গিয়েছে, ভারত মহাসাগর এলাকায় চলতি সপ্তাহে আরও কয়েকবার ব্রহ্মসের পরীক্ষা চালাবে নৌ ও বায়ুসেনা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৩ গুণ গতিতে ছুটতে পারে। গোড়ায় এটি পরমাণু অস্ত্র বহনের উপযুক্ত ছিল না। সূত্রের আরও খবর, পাল্লা ছিল ২৯০ কিলোমিটার। এখন ৪০০ কিলোমিটারের বেশি করা হয়েছে। উল্লেখ করা যায়, গত ৩০ সেপ্টেম্বরে ব্রহ্মসের ভূমি থেকে ভূমি সংস্করণের পরীক্ষা সফল হয়েছে বালেশ্বরে। আবার গত ১৮ অক্টোবর আইএনএস চেন্নাই জাহাজ থেকে নৌ-সেনা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আরব সাগরে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে এটি। নৌ-সেনা ইতিমধ্যেই ব্যবহার করছে এই ক্ষেপণাস্ত্র।

