তামিলনাড়ু ও কেরলে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তর ভারতে প্রবল ঠান্ডায় মানুষ কাবু। হিমাঙ্কের নীচে চলে গিয়েছে জম্মু-কাশ্মীরে তাপমাত্রা। এর সাথেই হাওয়া অফিসার পক্ষ থেকে জানানো হয়েছে, ফের ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরফলে আগামী ২ ও ৩ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরল সহ সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, লক্ষদ্বীপ, অন্ধ্রপ্রদেশে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি ২ ডিসেম্বর বিকেল অথবা রাতের দিকে তা আছড়ে পড়বে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাতেও। কিছুদিন আগেই তামিলনাড়ু ও পুদুচেরি ঘূর্ণিঝড় নিভারের জেরে প্রভাবিত হয়েছিল। এবার আবারও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি তামিলনাড়ু ও কেরলে।

