শীতে নলেন গুড় আর বাঙালির অতি প্রিয় খাবার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীতকাল এলেই নলেন গুড় বাজারে আসে। তবে এক্ষেত্রে ভালো মানের গুড় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও থাকে। নলেন গুড় থেকে এই সময় একাধিক রেসিপি তৈরি হয়। বাঙালির রান্না ঘরে এই সময় আয়োজন চলে। বাঙালির অতি প্রিয় খাবারগুলিও তৈরি হয়।
শীতকালে কমলালেবু, নানা শাক- সবজি ও বিট-গাজরের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি শীতকালে নলেন গুড় মিষ্টিপ্রিয় বাঙালির ঘরে ঘরে পাওয়া যায়। অনেকে গুড় দিয়ে রুটি খেতে পছন্দ করেন। চিড়ে, মুড়ি ও পিঠের সঙ্গে গুড় খাওয়া পছন্দ করেন অনেকেই। এছাড়াও গুড়ের একাধিক রেসিপি রয়েছে। যেমন- নলেন গুড়ের রসগোল্লা। এইসময় লালচে গোলাকার মিষ্টি মানেই বাঙালির কাছে নলেন গুড়ের রসগোল্লা। সাদা রসগোল্লার থেকে এই সময়ে গুড়ের রসগোল্লাই বেশিরভাগ মানুষের প্রিয় । রসগোল্লার রসে চিনির পরিবর্তে গুড় মেশানো হয়ে থাকে। রসগোল্লার মন্ডতেও গুড় মেশানো হয়ে থাকে। মুখে দিলেই গলে যায়। আর সঙ্গে থাকে গুড়ের গন্ধ। যে কোনও মিষ্টিপ্রিয় মানুষ এটা পছন্দ করেন।
আবার নলেন গুড়ের সন্দেশও রয়েছে। নলেন গুড়ের রসগোল্লা যাঁরা পছন্দ করেন না তাঁদের জন্য রয়েছে নলেন গুড়ের সন্দেশ। লালচে রঙের বিভিন্ন ছাঁচে তৈরি এই সন্দেশ সুস্বাদু হয়। ছানা, দুধ, আর চিনি দিয়ে তৈরি হয় সন্দেশ। এক্ষেত্রেও চিনির পরিবর্তে নলেন গুড় ব্যবহার করা হয়ে থাকে। কড়া ও নরম পাকের নলেন গুড়ের সন্দেশ এই সময় পাওয়া যায়। আবার নলেন গুড়ের কাঁচাগোল্লাও রয়েছে। মূলত সন্দেশ যে উপকরণ দিয়ে তৈরি হয়, কাঁচাগোল্লাও একই উপকরণ দিয়ে তৈরি হয়। এক্ষেত্রে পাক কম দেওয়া হয়ে থাকে। সেজন্য তা নরম হয়। কাঁচাগোল্লাও এই সময় চিনির বদলে খেজুর গুড়ের রস দিয়ে তৈরি হয়ে থাকে।
পাশাপাশি নলেন গুড়ের পাটিসাপটাও রয়েছে। বাঙালিদের কাছেও পাটিসাপটা প্রিয়। এক্ষেত্রে ক্ষীর বা নারকেলের পুর খাবারের স্বাদ বদলে দিয়ে থাকে। পাটি সাপটাতেও নলেন গুড়ের ব্যবহার হয়ে থাকে। অনেক বাঙালি বাড়িতে নারকেলের পুর গুড় দিয়ে বানিয়ে থাকেন। পৌষ সংক্রান্তিতে এই খাবার বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। সব মিলিয়ে চাহিদা তুঙ্গে নলেন গুড়ের।

