স্কুল খোলার প্রয়োজনীয় নির্দেশাবলি- জেনে নিন

School Order

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল খোলার নির্দেশাবলি জানানো হয়েছে। তা একনজর তুলে ধরার চেষ্টা করা হল। স্কুলের প্রতি পড়ুয়া, শিক্ষক ও অ-শিক্ষক কর্মীকে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। পাশাপাশি যেসব অভিভাবক স্কুলে তাঁদের পড়ুয়াদের দিতে আসবেন, তাঁদেরও স্কুলে মাস্ক পরে আসতে হবে। প্রত্যেককে দূরত্ব-বিধি মেনে চলতে হবে ও ক্লাসে বসতে হবে। এক্ষেত্রে স্কুল গেটে ভিড় করা চলবে না। অন্যদিকে স্কুলের ভিতরে অভিভাবক বা অন্যদের আসতে নিষেধ রয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, কোনও ক্লাসে বেশি সংখ্যক পড়ুয়া হলে দুটি বা তার বেশি সংখ্যক ক্লাসে ভাগ করে নিতে হবে।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকেই প্র্যাক্টিক্যাল ক্লাস নেওয়া যেতে পারে। স্কুলে করোনা আবহে বিশেষ সর্তকতার নোটিশ রাখতে হবে। আবার স্কুলে সব পড়ুয়া একসঙ্গে প্রার্থনা করতে পারবে না। শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিটি ক্লাসে আলাদা আলাদা প্রার্থনা পর্ব চলবে। নির্দেশাবলিতে আরও জানানো হয়, পড়ুয়ারা অন্যের ব্যাগ, বই ও খাতা না ধরলে ভাল হয়। যত্রতত্র থুথুও ফেলা যাবে না। টিফিন ভাগ করে খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি পড়ুয়া নিজস্ব জলের বোতল সঙ্গে করে আনবে।

স্কুলে পড়ুয়াদের হাত ধোয়ার অভ্যাস করাটা বাধ্যতামূলক। ধাতব জিনিস দুল ও চেন এ সব না পড়লেই ভাল। প্রয়োজন হলে নিজস্ব স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দূরত্ব-বিধি বজায় রেখে নতুন ধরনের খেলা পড়ুয়ারা খেলতে পারবে। একসঙ্গে খেলাধূলা করা যাবে না। স্কুল ছুটির পরেই বাড়ি যাবে পড়ুয়ারা। নির্দেশে আরও জানানো হয়, জ্বর বা কাশি-সর্দি হলে পড়ুয়াদের স্কুলে অন্তত ৭ দিন না আসার নির্দেশ স্কুলে নোটিস বোর্ডে টাঙাতে হবে। স্কুলে একটি আইসোলেশন রুম থাকলে ভাল হয়, এমনও বলা হয়। ক্লাসরুম, ল্যাবরেটরি ও কম্পিউটার রুম নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

নিয়মিত শৌচালয় পরিষ্কার রয়েছে কি না তা-ও দেখতে হবে। স্কুলে প্রবেশের পূর্বে স্কুলের গেটে পড়ুয়াদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকলে ভাল হয়। এক্ষেত্রে বলা হয়েছে, কোনও পড়ুয়ার দেহের তাপমাত্রা বেশি থাকলে বাড়ি পাঠিয়ে দিতে হবে সেই পড়ুয়াকে। স্কুলে শৌচাগার পরিষ্কার করার কর্মী যথেষ্ট পরিমাণে রয়েছেন কি না তা দেখতে হবে স্কুল কর্তৃপক্ষকেই। স্কুলে ডাস্টবিনও যথেষ্ট পরিমাণে রাখতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *