5th phase electionOthers Politics 

দেখে নিন পঞ্চম দফার ভোট গ্রহণ পর্বের আজ সারাদিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। ৬ জেলায় ৪৫টি আসনে ভোটগ্রহণ চলে। বুথে কড়া নিরাপত্তা বলয় ছিল। করোনাকালে ভোট গ্রহণ কমিশনের কাছে ছিল রীতিমতো চ্যালেঞ্জ। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে এই ভোট হয় । কমিশন সূত্রের খবর,পঞ্চম দফায় ১ লক্ষ ৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন ছিল। বুথ পাহারায় রাখা ছিল ৮৫ হাজার ৩০০ আধাসেনা । ১৫ হাজার ৭৯ রাজ্য পুলিশ ছিল।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ছিল করোনা সচেতনতার ব্যবস্থাও। ভোটকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে কোভিড কিট। ইভিএম ভিভিপ্যাটের পাশাপাশি ভোটকর্মীদের সঙ্গে দেওয়া হয়েছে স্যানিটাইজার, থার্মাল গান ও মাস্ক। একনজর দেখে নেওয়া যাক পঞ্চম দফার ভোটের চিত্রটি।
স্থানীয় সূত্রের খবর, সকাল থেকেই ভোট নিয়ে সল্টলেকে উত্তেজনা । একাধিক বুথে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত উপস্থিত হয়েছিলেন। এই কেন্দ্রে এবার তাঁর প্রতিপক্ষ সুজিত বসু। সল্টলেকের নয়াপট্টিতে বিজেপি প্রার্থী হাজির হলে তাঁকে ঘিরে বিক্ষোভ চলে। “গো ব্যাক”স্লোগানও শোনা যায়। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, ভোটারদের ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয় এলাকা। উত্তেজনা চরমে পৌঁছায় বিধাননগরের শান্তিনগর এলাকাও।

আবার নদিয়ার গয়েশপুরে উত্তেজনা ছিল। বকুলতলায় এই উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের বিরুদ্ধে বোমবাজির অভিযোগ সামনে আসে ৷ ২ কর্মী আহত হয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। নদিয়ার শান্তিপুরেও উত্তেজনা ছিল ৷ সেখানকার ১৭৫ নম্বর বুথের বাইরে বোমা-গুলি চলার অভিযোগ ৷ এক তৃণমূল কর্মী আহত হওয়ার অভিযোগ ওঠে ৷ বিজেপির দিকে এই অভিযোগ। সূত্রের আরও খবর,বরানগর বিদ্যামন্দির বয়েজ স্কুলের বুথে তৃণমূল প্রার্থী তাপস রায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসাও হয় বলে জানা গিয়েছে।

দার্জিলিঙে বিজেপি সাংসদ রাজু বিস্তাকে ঘিরে বিক্ষোভ চলে বলে খবর। দার্জিলিঙের মার্গারেট স্কুলের বুথে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সাংসদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল। অভিযোগ মানতে নারাজ বিজেপি। আধাসেনা ও পুলিশ পরিস্থিতি সামলান। ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে অশান্তির খবর আসে। এলাকায় দুষ্কৃতী তাণ্ডব চলে বলেও অভিযোগ। ভোটের আগের দিন রাতভর বোমাবাজি চলেছে বলেও অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে জলপাইগুড়ি সদরে ভোট দিলেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাণ্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের বুথে ভোট দিলেন তিনি।

বারাসাতের দিগবেরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের বচসা বাধে । ভোটগ্রহণ কেন্দ্রে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ আনলেন এই তৃণমূল সাংসদ। আলমবাজার এলাকায় পার্নো মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। তৃণমূলের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। লাঠিচার্জ করে পুলিশ,এমনও অভিযোগ।
কামারহাটিতে আক্রান্ত বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় ৷ গাড়ি লক্ষ্য করে ইট মারার অভিযোগ ওঠে। আহত হয়েছেন বিজেপি প্রার্থী ৷ অভিযোগ তৃণমূলের দিকে ৷

খড়দহের বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলে। উত্তর ২৪পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল- বিজেপি সংঘর্ষের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ ৷ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পরিস্থিতি সামলায়। কমিশন সূত্রে জানা গিয়েছে,বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৮.৩৬ শতাংশ ছিল ৷ জলপাইগুড়িতে ৮১.৭৩ শতাংশ, কালিম্পঙে ৬৯.৫৬ শতাংশ, দার্জিলিঙে ৭৪.৩১ শতাংশ, নদিয়ায় ৮১.৫৭শতাংশ, উত্তর চব্বিশ পরগণায় ৭৪.৮৩ শতাংশ ও পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ ভোট পড়ে।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment