sundarban and agricultureBreaking News Others 

ঘূর্ণিঝড় “যশ”আশঙ্কায় আগাম সতর্কতা কৃষি দফতরের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ঘূর্ণিঝড় “যশ”-এর আশঙ্কায় শঙ্কিত রাজ্য। এর জেরে সতর্কতাও জারি করেছে কৃষি দফতর। ঝড়ের পূর্বাভাসের পূর্বেই সতর্ক-বার্তা কৃষকদের। উল্লেখ করা যায়,গত আম্ফান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয় -ক্ষতি হয়েছিল চাষের জমি ও কৃষি ফসলের। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠা সম্ভব হয়নি। দুই ২৪ পরগনার কৃষকরা আজও সেই ক্ষতি বয়ে চলেছেন। এবার কৃষি দফতর আগাম সতর্ক করেছে।

সুপার সাইক্লোন আম্ফানের বছর ঘুরতেই আবারও ঘূর্ণিঝড়ের বার্তা। আগে থেকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে প্রস্তুত রাখতে নির্দেশ গিয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকতে নির্দেশ গিয়েছে। পর্যাপ্ত খাবার, পানীয় জল এবং ওষুধ সহ বিভিন্ন সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে।

কৃষি দফতর সূত্রের খবর, ২২ মে একটি নিম্নচাপ ঘনীভূত হবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। এরপর নিম্নচাপটি আরও ঘনীভূত হবে। পরবর্তীতে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলগুলিতে। আম্ফানের চেয়েও বেশি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে কৃষি দফতর সূত্রে জানানো হয়েছে আগাম সতর্কতা।

বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। তার মধ্যে রয়েছে- মাঠের পাকা বোরো ধান তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। দ্রুত গুদামজাত করতে হবে। প্রয়োজন হলে যন্ত্রের সহায়তা নিতে হবে । বাদাম, ডাল শস্য ও মুগ সহ প্রভৃতি ফসল ঝেড়ে দ্রুত গুদামজাত করতে হবে। এইসময় তিল ও পাটের জমি থেকে যাতে দ্রুত জমে যাওয়া বৃষ্টির জল বের করে দেওয়া যায় তার ব্যবস্থা নিতে হবে। সবজি -কলা ও পেঁপে জাতীয় ফলের গাছ যাতে সহজে ঝড়ে ভেঙে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া সবজির মাচা ও পানের বোরজ রক্ষা করতে আগে থেকেই শক্ত বাঁধনে বেঁধে দিতে হবে । সবজির জমিতে জমে যাওয়া বৃষ্টির জল বের করে দিতে হবে। প্রয়োজন হলে ঝড়-বৃষ্টি থামার পর ছত্রাকনাশক স্প্রে দিতে হবে বলে নির্দেশ।

পাশাপাশি যাবতীয় করোনা বিধি মানতে হবে। মুখে মাস্ক বা গামছা ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া সহ কাজের সময় শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মগুলিও পালন করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। আবার কৃষকদের ঝড়-বৃষ্টির পূর্বেই আবহাওয়ার গতি প্রকৃতির দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গবাদি পশু ও অন্যান্য গৃহপালিত পশু-পাখিদের নিয়ে প্রয়োজনে অন্যত্র থাকার ব্যবস্থার কথাও বলা হয়েছে।

Related posts

Leave a Comment