লালবাড়ি আবারও সবুজ

tmc and win

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। কলকাতার রং ফের সবুজ। লাল বাড়ির আবারও দখল নিল শাসক দল। জয়ের খবর আসতেই কালীঘাটে দলীয় সমর্থকদের ভিড় বাড়তে থাকে। সবুজ আবির আর “খেলা হবে” গানে মেতেছেন কর্মী সমর্থকরা।

১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জয়ী হয় তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল ছিল। গণনার শুরুতে ১৩০টির বেশি আসনে এগিয়ে যায় শাসক দল। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়,তৃণমূল-১৩৩,বিজেপি-৪,বাম-২,কংগ্রেস-২ ও অন্যান্য-৩।

১৯৯৫ থেকে ৮৮ নম্বর ওয়ার্ডে অপরাজিত মালা রায়। ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায় জয়ী হলেন প্রায় ৩৭ হাজারের বেশি ভোটে। যা পুরভোটের নিরিখে রেকর্ড ।

৮৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়ী দেবাশিস কুমার। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ রাসবিহারী কেন্দ্র থেকে জিতে এবার প্রথম বিধানসভায় যান।

কলকাতা পুরসভা নির্বাচনে দু’টি আসনে জয়ী কংগ্রেস। ৪৫ নম্বর ওয়ার্ডটি নিজের দখলেই রেখেছেন সন্তোষ পাঠক ৷ পাশাপাশি ১৩৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন কংগ্রেসের ওয়াসিম আনসারি ৷ এই ওয়ার্ডটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল কংগ্রেস ৷

বালিগঞ্জে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্নেহধন্যা তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায় জয়ী হলেন। ওই ওয়ার্ডে প্রয়াত মন্ত্রীর বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম তৃণমূলের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত সুদর্শনা মুখোপাধ্যায়কেই প্রার্থী করে তৃণমূল।

উল্লেখযোগ্য জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফের জয়ী হলেন বিজেপি-র মীনাদেবী পুরোহিত। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ৫০নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূল প্রার্থী হয়ে জয়ী বসুন্ধরা গোস্বামী। ১০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন অতীন ঘোষ। আবারও জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায়। জয়ী হয়েছেন তারক সিং-এর পুত্র অমিত সিং। ১১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন কাকলি বাগ।

বিপুল জয়ের পর তৃণমূল সুপ্রিমোর মন্তব্য,”জাতীয় রাজনীতিতেও এটা আমাদের জয়। আমাদের মূল লক্ষ্য সার্বিক উন্নয়ন। বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো দলকে মানুষ হারিয়ে দিয়েছে। আমরা মানুষের জন্যে আরও কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *