election and asansolBreaking News Others Politics 

উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসানসোল-বালিগঞ্জের উপনির্বাচন শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবনিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। আবার সংবাদ মাধ্যমকে আটকাল পুলিশ, এমনও অভিযোগ সামনে এল। আটকে দেওয়া হয়েছে মিডিয়ার গাড়িও। স্থানীয় সূত্রের খবর, জেলাশাসকের নির্দেশ রয়েছে তাই সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে। আবার বারাবনির আন্দিহায় একটি বুথে একজনের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে বালিগঞ্জে ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের আরও খবর,আসানসোলের বারাবনি বিধানসভার ২৪১ নম্বর বুথে পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল উপস্থিত হন ঘটনাস্থলে। পাশাপাশি ওই বিধানসভার কাপিষ্ঠা গ্রামের একটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ না করতে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী সরব হন। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট লুটের অভিযোগ সামনে আনলেন সিপিএম প্রার্থী। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। দুটি উপ নির্বাচনে সব মিলিয়ে শান্তিতে চলছে ভোটগ্রহণ।

ভোটগ্রহণপর্ব নির্বিঘ্নে করতে নিরাপত্তা বলয় আসানসোল ও বালিগঞ্জের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ৫ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোল লোকসভা আসনটিতে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট শুরু হতেই লম্বা লাইন ভোটদাতাদের।

নির্বাচন কমিশন সূত্রের খবর, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লক্ষের কাছাকাছি। এই আসনে মোট ৩০০টি বুথ রয়েছে। ২৩টি স্পর্শকাতর বুথ। প্রতিটি বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে ২ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছিল। পাশাপাশি ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুই–ই মোতায়েন থাকবে বলে জানানো হয়।

Related posts

Leave a Comment