উপনির্বাচনের ফল প্রকাশ : জয়ী সিপিএম- কংগ্রেসও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হল কংগ্রেস। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়। ৭৭৮ ভোটে জয়ী হয়েছেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।
পাশাপাশি পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়েছেন। ফলে এই আসনেও উপনির্বাচন করতে হয়। ওই ওয়ার্ড থেকে ২২৭৪ ভোটে জয়ী হলেন নিহত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। জয়ের পর মীনাক্ষী দত্ত জানিয়েছেন, ‘এই জয় অনুপমের প্রতি মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ ৷’
অন্যদিকে চন্দননগর পুরনিগমের উপনির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। তৃণমূলের হাতে থাকা ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য,ভোটের আগে বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে ওই ওয়ার্ডে ভোট বাতিল হয়। ১৩০ ভোটে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী। এই ওয়ার্ডটি ছিল তৃণমূলের দখলে। স্বাভাবিকভাবেই খুশি সিপিএম কর্মী-সমর্থকরা। এই জয়ের পর চন্দননগর পুরনিগমের ২টি ওয়ার্ড সিপিএমের দখলে এল। (ছবি: সংগৃহীত)

