বাংলাদেশের সাংসদ হত্যাকাণ্ড: ধৃতদের তথ্যের সাথে মিলিয়ে তদন্ত চলছে, এখনও মেলেনি দেহাংশ, জানালেন ঢাকার গোয়েন্দা প্রধান

কলকাতা: বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে রবিবার ঢাকা থেকে কলকাতায় এসেছে ঢাকা গোয়েন্দা বিভাগের তিন সদস্যের দল। সোমবার থেকে তারা সিআইডি-র সাথে যৌথভাবে তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার নিউটাউনে সাংবাদিক বৈঠকে ঢাকার গোয়েন্দা প্রধান হারুণ আর রশিদ জানান, “বাংলাদেশে ধৃতদের কাছ থেকে যে তথ্য মিলেছে, তার সাথে এখানকার তথ্যপ্রমাণ, ধৃতদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে।” এছাড়াও একাধিক ডিজিটাল এভিডেন্স হাতে এসেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান যে, যে খালে খুনের পর দেহাংশ ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে ধৃতের কাছ থেকে জানা গিয়েছে, সেখানে টানা তল্লাশি চলছে। নিউটাউনের ফ্ল্যাটে খুনের পর শৌচালয় সাফ করা হয়েছিল বলে জানা গেছে। সেখানকার নিকাশি পাইপ ভেঙে দেহাংশ উদ্ধারের চেষ্টা চলছে।

তবে এখনও পর্যন্ত আনোয়ারুলের দেহাংশের কোন সন্ধান মেলেনি।

হারুণ আর রশিদ আরও বলেন, “সিআইডি খুব আন্তরিকতার সাথে কাজ করছে। আমরা তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আশা করি শীঘ্রই আমরা সত্য উন্মোচন করতে পারবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *