সর্বদলীয় বৈঠকে লকডাউনের সময়সীমা বাড়ানোর জল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার থাবায় আতঙ্ক বাড়ছে গোটা দেশে। এই মুহূর্তে ভারতে আক্রান্ত ৫ হাজার ১৯৪, আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। এই প্রেক্ষিতে আগামী ১৪ এপ্রিল-এর পর দেশ থেকে লকডাউন তুলে নেওয়া হবে কী না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্র। তবে প্রধানমন্ত্রীর বুধবার বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পর যা ইঙ্গিত, তাতে লকডাউনের সময়সীমা বাড়ার সম্ভাবনাই বেশি।
সূত্রের খবর, বিরোধী দলগুলির সঙ্গে এদিনের আলোচনায় প্রধানমন্ত্রী জানান, লকডাউন বাড়াবার জন্য যা যা করা দরকার, সেগুলি এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন বৈঠকে মন্তব্য করেন, “দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে লকডাউন আদৌ প্রত্যাহার করা সম্ভব নয় এবং তা যুক্তিসঙ্গতও হবে না।” এবিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আগামী ১১ মার্চ ভিডিও কনফারেন্স করবেন।
অন্যদিকে, বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “এখনই হয়তো লকডাউন উঠছে না। অন্তত প্রধানমন্ত্রী তেমনই চান।” এবিষয়ে সুদীপবাবু পরে তাঁর টুইটারেও এই তথ্য তুলে ধরেন।

