বাংলা সাহিত্যে শোকের ছায়া – সাহিত্যিক অনীশ দেব প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সাহিত্যিক অনীশ দেব(৭০)। করোনায় আক্রান্ত হন তিনি। প্লাজমা ডোনারের প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত চিরবিদায় নিলেন এই সাহিত্যিক। সম্প্রতি কবি শঙ্খ ঘোষ প্রয়াত হন। সেই শোক কাটিয়ে ওঠার আগে আবারও শোকের ছায়া বাংলার সাহিত্য জগতে। করোনায় আক্রান্ত হন অনীশ দেব। আজ সকালে মৃত্যু হয় তাঁর।
বাংলা সাহিত্যে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উল্লেখ করা যায়, কল্পবিজ্ঞানের জগতে বাংলা সাহিত্যে অদ্রীশ বর্ধন ও অনীশ দেব বিশেষ জায়গা করে নিয়েছিলেন। অদ্রীশ বর্ধন গত বছর প্রয়াত হন। এবার প্রয়াত হলেন অনীশ দেবও। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বাংলার সাহিত্য জগতে।
অনীশ দেবের জন্ম হয়েছিল ১৯৫১ সালে কলকাতায়। তাঁর লেখালেখির সূচনা হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়েছিল ১৯৬৮সালে। মাসিক ‘রহস্য’ পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পায়। বাংলা ও ইংরেজি পত্রিকায় তাঁর অসংখ্য লেখা প্রকাশিত হয়। গোয়েন্দা-রহস্য, থ্রিলার, ভৌতিক-অলৌকিক এবং কল্পবিজ্ঞানের ওপর লেখায় সুনাম অর্জন করেছেন তিনি। বিভিন্ন গল্পের বই সহ বাংলায় কয়েকটি কিশোরপাঠ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থও রচনা করেছেন। আবার পদার্থবিদ্যার উপর লেখা তার কিছু ইংরেজি বইও রয়েছে। গ্রন্থ সম্পাদনার কাজও করেছেন। কিশোর বিস্ময় পত্রিকার সম্পাদনাও করেন।
২০১৯ সালে কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত করে তাঁকে। প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কার সহ একাধিক সম্মানে সম্মানিত হন তিনি।

