প্রতিমার “ডাকের সাজ” তৈরির ব্যস্ততা বেড়েছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলায় শারদ উৎসবের তৎপরতা। গ্রামীণ ও শহর জীবনে চলছে আয়োজন। একদিকে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। মৃৎশিল্পীদের পাশাপাশি প্যান্ডেল নির্মাতারা প্যান্ডেল বাঁধার কাজ শুরু করে দিয়েছেন। থিম আয়োজনের তৎপরতাও তুঙ্গে। অন্যদিকে প্রতিমার ডাকের সাজ তৈরিতেও ব্যস্ততা বেড়ে গিয়েছে এই কাজের সাথে যুক্ত ব্যক্তিদের।
আগত দুর্গাপুজো। বর্তমান সময়ে থিমের আয়োজনেও ডাকের সাজের প্রতিমা দর্শন করতে আগ্রহ রয়েছে বাঙালিদের। উল্লেখ করা যায়, বংশ পরম্পরায় এই “ডাকের সাজ”-এর কাজ হয়ে আসছে। বহু মানুষের রুটি-রুজির বন্দোবস্ত হয়ে থাকে এই হস্তশিল্পের পেশা থেকে। অনেক মানুষই এই কাজে নিয়োজিত
থাকেন। রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই ধরণের হস্তশিল্পীরা বংশ পরম্পরায় পেশার সঙ্গে যুক্ত হয়ে উপার্জন করে থাকেন।
উল্লেখ করা যায়, বাংলায় বহু প্রাচীন আমল থেকে দেবী দুর্গার পুজো শুরু হয়। জমিদার পরিবারের দুর্গোৎসবে মূলত ডাকের সাজ ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে দেবী দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমায় ডাকের সাজের ব্যবহার চলছে। ওই সময় আভিজাত্যের মোড়কে অলঙ্করণ ও ডাকের সাজের চল শুরু হয়েছিল।
স্থানীয় সূত্রের খবর, ডাকের সাজের কাজ করে অনেক পরিবার সংসার নির্বাহ করে থাকেন। দীর্ঘকাল ধরে তাঁরা এই পেশায় নিয়োজিত রয়েছেন। “ডাকের সাজ”-এর চল কমলেও আজও পেশা ছেড়ে যাননি,এমন মানুষও রয়েছেন। অর্থ উপার্জন ছাড়াও পৈতৃক ব্যবসাকে বাঁচিয়ে রাখতে তৎপর তাঁরা। করোনা আবহ কাটিয়ে এ বছর দুর্গা পুজোয় লাভের মুখ দেখার প্রতিক্ষায় রয়েছেন ডাকের সাজের সঙ্গে যুক্ত হস্তশিল্পের পেশায় থাকা মানুষরা। (ছবি: সংগৃহীত)

