প্রবীণ নাগরিকদের নাগালে মাছের জোগান বেনফিসের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শহরে প্রবীণ নাগরিকদের রান্নাঘরে রোজ মাছের জোগান দিয়ে যাচ্ছে বেনফিস। সূত্রের খবর, করোনা আবহে লকডাউন পর্ব থেকে কলকাতায় প্রবীণ নাগরিকদের নাগালে “রেডি টু কুক” মাছ পৌঁছে দিয়ে নজির সৃষ্টি করেছে মৎস্য দপ্তর। করোনা পরিস্থিতিতে বৃদ্ধ-বৃদ্ধাদের পক্ষে বাইরে বেরনো অনেকটাই ঝুঁকির। তাঁদের কথা মাথায় রেখেই মাছ কেটেকুটে, ধুয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বেনফিস। উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে এই পরিষেবা শুরু হয়।
সূত্রের আরও খবর, মহানগরীর প্রায় ৩৫০ প্রবীণ নাগরিকদের দরজায় টাটকা মাছ নিয়মিত পৌঁছে দিচ্ছে এই সংস্থা। প্রসঙ্গত, সুন্দরবন এলাকায় কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি পালন করছে বেনফিস। এ বিষয়ে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্য, শহরের প্রবীণ নাগরিকদের অনেকেই একা থাকেন। তাঁদের পড়ুয়ারা কর্মসূত্রে হয় বিদেশে বা ভিনরাজ্যে থাকেন। করোনা পরিস্থিতিতে এই কঠিন সময়ে বাজারে গিয়ে মাছ কেনা তাঁদের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ। সে কথা ভেবেই বেনফিস কলকাতায় প্রবীণদের বাড়িতে তাজা মাছ পৌঁছে দিচ্ছে। পাশাপাশি আগামীদিনে আরও বড় আকারে মাছ সরবরাহ করা হবে বলেও জানান মৎস্যমন্ত্রী।
অন্যদিকে মৎস্য দপ্তর সূত্রের খবর, সরাসরি মৎস্যজীবীদের থেকে মাছ কিনে তা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মাঝখানে ফড়ে না থাকায় সুলভ মূল্যে এই মাছ সরবরাহ করতে পারছে বেনফিস। সুন্দরবন থেকে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে শহরে আনা হচ্ছে মাছ। এরপর বেনফিসের নিজস্ব জায়গায় যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে তা কেটে-ধুয়ে প্যাকেট করা হচ্ছে। পরে সেই প্যাকেটজাত মাছ শহরের প্রবীণদের দরজায় পৌঁছে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বেনফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্কদের শারীরিক নিরাপত্তার কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। করোনাজনিত পরিস্থিতিতে এই সময়ে বাজার-দোকান বন্ধ থাকলেও বয়স্ক মানুষরা বাড়িতে বসেই মাছের স্বাদ পাচ্ছেন।

