পান্ডুয়ার থৈপাড়া ও মগরায় রক্তদান শিবির
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ রক্তদান জীবন দান। লকডাউন এর ফলে রক্তদান শিবিরের সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কম। ফলস্বরূপ ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। তাই আজ শনিবার হুগলি জেলার পান্ডুয়া ব্লকের, থৈপাড়া প্রিন্স ক্লাবের উদ্যোগে ও কালনা ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়।

এই শিবিরে মহিলা রক্তদাতা সংখ্যা ছিল নজরকাড়া। ৫০জন দাতা রক্তদান করেন। তাঁদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সম্পাদক তথা থৈপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরিশ মন্ডল ও লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ তথা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রূপাঞ্জন রায় সহ অন্যান্যরা।

অন্যদিকে, হুগলি জেলার মগরা খন্ডের আকনা অঞ্চলের হিন্দু জাগরণ মঞ্চ রক্তদান শিবিরের আয়োজন করে। আকনা ইউনিয়ন হাই স্কুলে, লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ৬০জন রক্তদাতার রক্ত দান করেছেন। এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সম্পাদক মুন্সী হাসান ও প্রমুখ ব্যক্তিবর্গ।

