পরিবেশবান্ধব উৎসব হোক
নদী, পুকুর বা জলাশয়ের সামনে দাঁড়িয়ে সূর্য অর্ঘ্য দিয়ে থাকি। প্রয়োজনে ব্যবহার করি কিন্তু সেই জলাশয়কে সারা বছর কতটা পরিচ্ছন্ন রাখতে সক্ষম হই। এই প্রশ্নটা থেকেই যায়। উৎসব আবহে ঘাট ও পরিবেশ পরিষ্কার করা হবে। প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় মানুষ পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। উৎসবের রেশ মিটলেই জলাশয়ে জমে থাকে প্লাস্টিক, পলিথিন, থার্মোকলের সামগ্রী এবং ব্যবহৃত পুজো সামগ্রীর অবশিষ্ট অংশ। তার ফলে কোথাও জল দূষিত হয়ে পড়ে। আবার কোথাও নিকাশি ব্যবস্থার অভাবে আবর্জনা জমতে থাকে। “প্রকৃতিপ্রেম” উৎসবের আবহেই থেমে না থেকে সারা বছর সেই কর্মসূচি চলুক। জলকে পবিত্র মনে করে আমরা প্রার্থনা করে থাকি,বিভিন্ন-আচার ও মাঙ্গলিক কর্ম পালন করি। সেই জলকে দূষণমুক্ত রাখার দায়িত্বও নিতে হবে। জল ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। সেই দায়বদ্ধতা সবার মধ্যে সারা বছরের অভ্যাসে পরিণত করতে হবে।
বর্তমান বিশ্বে যখন জলবায়ু পরিবর্তন, নদীদূষণ, বনভূমি ধ্বংস ও প্রাকৃতিক সম্পদের নির্বিচার ব্যবহার নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। প্রকৃতি নির্ভর উৎসবের তাৎপর্য থাকে তা উপলব্ধিও হয়। সূর্যের উপাসনা হয়তো হয়, সূর্য শক্তির ব্যবহার নিশ্চিত করা হয় না। মনে রাখা জরুরি হয়ে পড়েছে-নদীর তীরে প্রার্থনা করলেই নদী রক্ষা হয় না। প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন যেমন করা প্রয়োজন তেমনি প্রকৃতির প্রতি ভারসাম্য বজায় রাখার জন্য বাস্তব উদ্যোগও দরকার। বিশেষভাবে সতর্ক করতে হবে প্লাস্টিকের ব্যবহার কমানো, কোনও জলাশয়ে আবর্জনা না ফেলা, স্থানীয় জলসম্পদ সংরক্ষণ করা এবং পরিবেশবান্ধব উপায়ে উৎসব পালন করা সবার দায়িত্ব হওয়া উচিত। পরিবেশবান্ধব উৎসব হোক। পরিবেশ যেন কলুষিত না হয়। এই শিক্ষা যেন সবার মনে গেঁথে যায়। প্রত্যেকে যদি প্রকৃতির প্রতি দায়িত্ব পালন করে আর মানুষের জীবনের প্রতি একটু বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলেই উৎসব বা পুজোর প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যাবে। পরিবেশ রক্ষায় প্রতিদিনের সাধনা হোক।
