প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী-টক্করে বিজেপি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধানসভার উপনির্বাচন ভবানীপুর কেন্দ্রে। জোর টক্কর থাকছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে পরাজিত হন প্রিয়াঙ্কা। আবার বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ে পরাজিত হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁকে প্রার্থী না করে প্রচার কমিটির চেয়ারম্যান করা হল। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। রাজনৈতিক মহলে এই নির্বাচনকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী,ইতিমধ্যেই রণকৌশল ঠিক করে ফেলেছে তৃণমূল। ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে শীর্ষ নেতাকে। শাসক দল তৃণমূলের প্রচার তালিকায় প্রথম সারিতে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ হেভিওয়েট কয়েকজন নেতা। প্রচারে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি,বর্ষীয়াণ নেতা সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস ও যুবনেত্রী সায়নী ঘোষ প্রমুখরা।
রাজনৈতিক বিশ্লেষকদের আরও মত, বিজেপি বিরোধিতায় ভবানীপুর আসনে নির্বাচনীপ্রচারে তুলে ধরা হবে বিজেপি শাসিত ত্রিপুরার অবস্থাও। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে চলা রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ১০১২৩ জন শিক্ষকের চাকরির অনিশ্চয়তার বিষয়টিও প্রচারে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে তৃণমূল।
অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশের বক্তব্য,ভবানীপুর উপনির্বাচনকে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা প্রচার কৌশলে আন্দাজ করা যাচ্ছে। অবাঙালি ভোটের কথা বিবেচনা করে ভবানীপুর কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। সহ পর্যবেক্ষক করা হয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো ও সৌমিত্র খাঁ-কে। এছাড়া দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় সিং, শঙ্কর শিকদার, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দেবজিৎ সরকার প্রমুখদের ।
পাশাপাশি ভবানীপুরে প্রচারে চমকও থাকছে বিজেপির। প্রচারে রাখা হয়েছে বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, রাহুল সিনহা, প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরি, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, জন বার্লা, শমীক ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায় , লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল প্রমুখদের।
নন্দীগ্রামে পরাজয়ের পর এই নিয়ে তৃতীয় বার ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হবে ৷ গণেশ চতুর্থীর দিন মনোনয়ন পেশ করলেন দলনেত্রী। মনোনয়নে প্রস্তাবক হলেন কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে। এই নির্বাচনকে ঘিরে আবারও উত্তাল হবে রাজ্য-রাজনীতি। রাজনৈতিক বোদ্ধা,বিশ্লেষক-পর্যবেক্ষকরা সহ আম-জনতা তাকিয়ে এই নির্বাচনের দিকেই।

