nitish kumar and tejaswi jadavBreaking News Others Politics 

বিহারে নীতীশ-তেজস্বীর মেলবন্ধন : নতুন সরকার গঠনে তৎপরতা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের একবার আরজেডি-র হাত ধরল নীতীশ কুমার ৷ বিরোধী দলনেতা হিসেবে নীতীশ সরকারের কড়া সমালোচক ছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব। সব কিছু ঠিক-ঠাক থাকলে বিহারের উপ- মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী ৷ বিহারের রাজনীতিতে এক সময় তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব ছিলেন নীতীশ কুমার। আরজেডি- জেডিইউ জোট ভেঙে যায় ৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,এবার আবার নতুন শর্ত। কাছাকাছি নীতীশ- তেজস্বী। এই যুগলবন্দীর পূর্বে সরকার গঠন সংক্রান্ত বিষয় নিয়ে দু-পক্ষের কয়েক দফা আলোচনা হয়েছে। তবে নীতীশ কুমারই নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে থাকছেন, তা স্পষ্ট। এই মহাজোটের নেতা নির্বাচিত হয়েছেন স্বয়ং নীতীশকুমার। উপ-মুখ্যমন্ত্রীর পদ তেজস্বী পেতে চলেছেন তাও পরিষ্কার হয়েছে। লালু-রাবড়ির অন্য পুত্র তেজপ্রতাপ যাদবও মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন। বিধানসভার অধ্যক্ষের পদটিও আরজেডি পেতে চলেছে বলে খবর। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রকও নিজেদের অনুকূলে রাখতে চান তেজস্বী,এমনই রাজনৈতিক বোদ্ধাদের মত।

রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করছেন, মন্ত্রিসভায় আরজেডি-র যে কয়েকজন মন্ত্রিত্ব পাবেন তাঁদের দফতর বন্টনের বিষয়টির সিদ্ধান্ত নেওয়ার ভার থাকবে নীতীশ কুমারের হাতেই। উল্লেখ্য,গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপাল ফগু চৌহানের কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছেন নীতীশ ৷ পাশাপাশি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন তেজস্বী যাদবও৷ বিহারে নতুন মহাজোট সরকার গঠন নিয়ে চলেছে জোর তৎপরতা। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার ৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তেজস্বী যাদব ৷

তেজস্বী সহ মহাজোটের নেতাদের সঙ্গে নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ ৷ ১৬০ জনেরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে বলে দাবিও জানান তিনি। রাজভবন থেকে বের হওয়ার পর নীতীশ কুমার সাংবাদিকদের বলেছেন, “মহাজোটের সব দল পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ৷” উল্লেখ করা যায়, জেডিইউ, আরজেডি, কংগ্রেস সহ মহাজোটে মোট ৭টি দল রয়েছে ৷ নিঃশর্ত সমর্থনের কথাও জানিয়েছেন জীতন রাম মাঝির দল হাম ৷ ১জন নির্দল প্রার্থীরও সমর্থন পাচ্ছেন নীতীশ-তেজস্বী সরকার ৷ ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন রয়েছে ১২২টি আসন ৷ তবে এই মুহূর্তে অনেক বেশি সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে এই জোটের।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নীতীশ কুমারের নতুন সরকার । এবার বিজেপির সঙ্গ ছেড়ে তিনি আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট করলেন। সেই নতুন সরকারের হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। তবে আরজেডির সঙ্গে নীতীশকুমারের পুনরায় মেলবন্ধন শেষ পর্যন্ত কী অবস্থা দাঁড়ায়,তার জন্য অপেক্ষা করতে হবে। এক সময় আরজেডি ওকংগ্রেসের সঙ্গে মহাজোট ভেঙে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার,সেই ছবিটাও বিহারের রাজনীতিতে বড় প্রাসঙ্গিক। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment