২০২২-২৩ অর্থবর্ষের বাজেট প্রক্রিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাজেট প্রস্তুতি শুরু ১২ অক্টোবর থেকে। করোনা আবহের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধাপে-ধাপে ছন্দে ফিরতে চলেছে অর্থনীতি। সূত্রের খবর, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আগামী ১২ অক্টোবর থেকে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, করোনার মধ্যে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ৯.৫ শতাংশের সংশোধিত পূর্বাভাসের থেকে কম হলেও গত অর্থবর্ষে জিডিপি-র সাপেক্ষে মাত্রা ছাড়িয়েছে রাজকোষ ঘাটতি। যা ৯.৩ শতাংশ।
এ বিষয়ে আরও বলা হয়েছে, আসন্ন বাজেটে চাহিদা বাড়ানো, কাজ তৈরি ও আর্থিক শৃঙ্খলা রক্ষা করে স্থায়ীভাবে ভারতকে ৮ শতাংশের বেশি বৃদ্ধির গণ্ডিতে ফেরানোই লক্ষ্য হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। আবার আর্থিক বিষয়ক দফতরের বাজেট বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে বাজেট বৈঠক শুরু হয়ে তা চলবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এক্ষেত্রে উল্লেখ করা হয়, আর্থিক উপদেষ্টা-সহ অন্যান্য সচিবের সঙ্গে ব্যয়-সচিবের বৈঠকের পর বাজেট বরাদ্দ স্থির করা হবে। এরপর কেন্দ্রীয় প্রকল্প ও কেন্দ্রীয় অনুদানের বিষয়গুলি তৈরি হবে।

