বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে “যশ” মোকাবিলায় সতর্ক সিইএসসি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আম্ফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে “যশ” মোকাবিলায় সতর্ক সিইএসসি ৷ সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করাও হয়েছে। সূত্রের খবর,ঘূর্ণিঝড়ের দাপটে বিদ্যুৎ ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তা নিশ্চিত করতে চাইছে সংস্থা ৷ এক্ষেত্রে আরও জানা যায়, রাস্তায় নেমে কাজ করার জন্য তৈরি রয়েছে ২৫০০কর্মী। ৷ বিকল্প ব্যবস্থা হিসেবে প্রস্তুত রয়েছে জেনারেটরও ৷
আম্ফান ঘূর্ণিঝড়ের পর সিইএসসি-র পরিষেবা নিয়ে গত বছর বিভিন্ন অভিযোগ সামনে আসে ৷ কলকাতার বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি ৷ সিইএসসি-র বিরুদ্ধে সরব হয়েছিলেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারা। পূর্ব প্রস্তুতি না থাকায় অভিযোগ উঠে। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে না পারায় বিপাকে পড়তে হয় ওই সংস্থাকে ৷
সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পর এবার রাস্তায় নেমে কাজ করার জন্য কর্মীদের তৈরি রাখছে সিইএসসি ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,গত বছর আম্ফানের সময় যে সংখ্যক কর্মী নিয়োজিত ছিল এবার তার দ্বিগুণ সংখ্যক কর্মীকে আগেই তৈরি রাখা হয়েছে ৷ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখতে জেনারেটর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলবে বলে জানা গিয়েছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সব থেকে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ৷ দুর্যোগ কাটার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে বলেও জানানো হয়েছে। শহর স্বাভাবিক রাখতে এবং ক্ষয়-ক্ষতি এড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভাও ৷
গ্রাহকদের সুবিধার কথা ভেবে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে সিইএসসি ৷ সেই নম্বরগুলি হল- ৩৫০১- ১৯১২, ৪৪০৩-১৯১২, ১৮৬০৫০০১৯১২। এছাড়া ১৯১২ ৷ হোয়াটসআপ নম্বর হল- ৭৪৩৯০০১৯১২৷

