৩০ হাজার প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিলির পরিকল্পনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পরিস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত। তৃণমূলের মহিলা শাখা এর মধ্যেই অভাবী পরিবারের মহিলাদের জন্য ৩০ হাজার প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিলির পরিকল্পনা গ্রহণ করেছে। সূত্রের খবর, মূলত গ্রামাঞ্চলে স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি স্যানিটারি ন্যাপকিন কিনে তা জেলায় জেলায় বিলি করা হবে, এমনটাই জানিয়েছিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, মহিলা তৃণমূলের প্রত্যেক সাংগঠনিক জেলার নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে এই প্যাকেট। আমরা চেষ্টা করছি যাতে এই সপ্তাহেই কাজটা শুরু করা যায়। ন্যাপকিন বিলির ক্ষেত্রে মূল টার্গেট অবশ্যই প্রত্যন্ত গ্রাম। আবার কলকাতা শহরের বস্তি এলাকাগুলিতেও আড়াই হাজার প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিলি করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

