mamata and ministerOthers Politics 

আট দফতর হাতে রেখে মন্ত্রিত্বের টিম সাজালেন মুখ্যমন্ত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৮টি দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাতে থাকছে স্বরাষ্ট্র ও পাহাড়, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। এছাড়া ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ এবং তথ্যসংস্কৃতি তাঁর হাতে রয়েছে। এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেন। উত্তরবঙ্গের উন্নয়ন এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে।

অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী হয়েছেন। বাড়তি দায়িত্ব পেলেন পরিসংখ্যান ও যোজনা এবং পরিকল্পনা দফতরের। সুব্রত মুখোপাধ্যায় রয়েছেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতেই। পাশাপাশি বেসরকারি সংস্থা এবং শিল্প পুনর্গঠনের দায়িত্ব পেলেন। সাধন পাণ্ডে ক্রেতা সুরক্ষা দফতরে ছিলেন। এবার বাড়তি দায়িত্ব পেলেন স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের। জ্যোতিপ্রিয় মল্লিক বন দফতর ছাড়াও পেলেন অপ্রচলিত ও পুনর্যোগ্য শক্তির দফতর। বঙ্কিমচন্দ্র হাজরা পেলেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক দফতর।

নব গঠিত রাজ্য বিধানসভার শাসকদলের মুখ্য সচেতক হচ্ছেন নির্মল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন,তাপস রায়কে উপ মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে উপাধ্যক্ষ এবং আইনে সংস্থান থাকলে আব্দুল করিম চৌধুরীকেও এই পদে বসানো হবে । অন্যদিকে যে সব সদস্য রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাননি তাঁদের বিভিন্ন কমিটিতে রাখা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

মমতার তৃতীয়বারের মন্ত্রীসভা গঠিত হয়েছে। রাজভবনে শপথ গ্রহণ করেছে বাংলার মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ৪৩জনের ওই মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের কাজটি করলেন। রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে ফের প্রত্যাবর্তন ঘটছে অমিত মিত্রের। শিল্প, বাণিজ্য তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের হাতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থাকছে। অরূপ বিশ্বাস পেলেন বিদ্যুৎ দফতর । জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য ও সরবরাহ দফতর থেকে সরিয়ে বন দফতর দেওয়া হয়েছে। খাদ্য ও সরবরাহ দফতর পেলেন রথীন ঘোষ।

মন্ত্রিসভার নতুন মুখ মানসরঞ্জন ভুঁইয়া। জলসম্পদ উন্নয়ন দফতর পেলেন তিনি। সৌমেন মহাপাত্র পেলেন সেচ ও জলপথ। মলয় ঘটক পেয়েছেন আইন ও বিচার দফতর। উজ্জ্বল বিশ্বাস পেলেন কারা দফতর । অরূপ রায়ের হাতে এল সমবায় দফতর। ফিরহাদ হাকিম পরিবহণ দফতর ছাড়াও পেয়েছেন আবাসন দফতর। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। শোভনদেব চট্টোপাধ্যায় কৃষিমন্ত্রী হয়েছেন।

ব্রাত্য বসু পেয়েছেন স্কুল ও উচ্চশিক্ষা দফতর। পুলক রায় পেলেন জনস্বাস্থ্য কারিগরী দফতর। শশী পাঁজার হাতে মহিলা, শিশু ও সমাজকল্যাণ দফতর থাকছে। গুলাম রব্বানির হাতে এসেছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার দফতর। বিপ্লব মিত্র পেলেন কৃষি বিপণন দফতর। জাভেদ খান পেলেন বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতর। স্বপন দেবনাথ পেয়েছেন প্রাণীসম্পদ উন্নয়ন দফতর। সিদ্দিকুল্লা চৌধুরী হলেন গণশিক্ষা ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী।

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment