আজ থেকেই সিনেমা হল খোলার তৎপরতা তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কেন্দ্রের নিয়ম মেনে আজ ১৫ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খোলার কথা। করোনা আবহে রাজ্যের সিনেমা হল খোলা নিয়ে উদ্বিগ্ন ছিলেন হল মালিকরা। কেন্দ্রীয় নির্দেশ আসার পরও সিনেমা হল খোলার পক্ষপাতী নন মালিক পক্ষের অনেকেই। তবে আজ থেকে একটা অংশ হল খুলেছেন বলে জানা যায়। আবার আগামীকাল শুক্রবার থেকে খুলতে চাইছেন হল মালিকদের একটা অংশ। এক্ষেত্রে আরও জানা যায়, কিছু হল মালিক আগামী ২১ অক্টোবর পুজোর সপ্তাহে সিনেমা হল খুলতে উদ্যোগী হবেন।
এ বিষয়ে আরও জানা যায়, সরকারী নির্দেশ মেনে শহরের বিভিন্ন সিনেমা হল গুলিতে করোনা সংক্রমণের ফলে স্যানিটাইজেশনের উপর বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, পর্যাপ্ত পরিমান স্যানিটাইজার, অনলাইন টিকিট বুকিং এবং প্যাকেজিং খাবারের ব্যবস্থা রাখতে হবে সিনেমা হলে। অন্যদিকে সিনেমা হল মালিকদের একটা বড় অংশের বক্তব্য, এই পুজোয় দেব, জিৎ ও প্রসেনজিতের ছবি থাকবে না। তাই যে ছবি গুলো মুক্তি পাচ্ছে তাতে ব্যবসা ভালো হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। পাশাপাশি আরও জানা যায়, আজ যে সমস্ত সিনেমা হলগুলি খোলা হচ্ছে তা মূলত স্যানিটাইজ করা বা বেশ কিছু হলে মেরামত করার জন্য। তাই আগামীকাল থেকেই সিনেমা হলে ছবি দেখানো শুরু হবে বলে আন্দাজ করা যাচ্ছে।

