বাংলায় “আসল পরিবর্তন” হবে- খড়্গপুরে মন্তব্য প্রধানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ফের বিজেপির “ডাবল এঞ্জিন” সরকারের হয়ে জোরালো সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ও বাংলার শক্তি একযোগে এগোলে বাংলায় “আসল পরিবর্তন” হবে বলেও মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। বিএনএর ময়দানে জনসভা থেকে তৃণমূলকে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে তাঁর বক্তব্য, বাংলায় উন্নয়নের পথে দেওয়ালের মত দাঁড়িয়ে রয়েছেন “দিদি”। বিজেপিকে মাত্র ৫ বছর দিন, আমরা ৭০ বছরের ক্ষতি পুষিয়ে দেব।
আজ খড়্গপুরের সভায় বাংলার মাটি ও মাহাত্মকে স্মরণ করে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে স্বাধীনতা সংগ্রামীদের কথা। এক্ষেত্রে তাঁর মন্তব্য, মাতঙ্গিনী হাজরা, দেবী চৌধুরানী, মা সারদা ও রানী রাসমণি দেবীর মতো মানুষ ধন্য করেছেন এই বাংলার মাটিকে। নারী জাতির আদর্শ গড়ে তুলেছেন। কিন্তু আজ সেই মাটিতেই স্তব্ধ হয়ে গিয়েছে উন্নয়ন। অন্যদিকে গতকাল রাতে বেশ কিছুক্ষণের জন্য “হোয়াটস্যাপ ডাউন” হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদি জানিয়েছেন,”উন্নয়ন ডাউন” হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। মাত্র পঞ্চাশ মিনিটের জন্য হোয়াটস্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সবাই অস্থির হয়ে পড়েছেন। আর বাংলায় তো পঞ্চাশ বছর ধরে ডাউন হয়ে আছে বিকাশ ও উন্নয়ন।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন,দেশে যেখানে যেখানে রাজ্যে বিজেপি সরকার সেখানেই ডবল এঞ্জিন সরকার সাধারণ মানুষের সামগ্রিক বিকাশের কাজে দারুণ সফলভাবে কাজ করছে। দিল্লি ও বাংলার শক্তি একযোগে একদিকে এগোলেই বাংলায় “আসল পরিবর্তন” সম্ভব বলেও দাবি করেন তিনি।
সভা থেকে তৃণমূলের দুর্নীতি প্রশ্নে সরব হলেন মোদি। তাঁর আরও মন্তব্য, দিদি আপনাকে দশ বছর দিয়েছিল বাংলার মানুষ। আর আপনি দিয়েছেন দুর্নীতি, কাটমানি ও অপশাসন।

