পুজোর মরশুমেই ডুয়ার্স পর্যটক-শূন্য, বিপাকে ব্যবসায়ীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহালয়া দুর্গাপুজোর আগমনী বার্তা। নীল-সাদা আকাশ। কাশ ফুলের সমারোহ দেখা যাচ্ছে। শিউলি বিছানো পথে দেবীদুর্গা আসবেন। বিলম্বে হলেও ঢাকে কাঠি পড়ার প্রস্তুতি। স্থানীয় সূত্রের খবর, এবার পুজো চলে এলেও ডুয়ার্সের হোটেল, রিসর্ট ও হোম স্টেগুলিতে এখনও পর্যন্ত পর্যটকদের বুকিং নেই, তাই উদ্বেগ বেড়েছে। এই অবস্থা চলতে থাকলে পুজোর মরশুমেই ডুয়ার্সের হোটেল, রিসর্ট ও হোম স্টে ব্যবসায় প্রায় ২০০-২২৫ কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পর্যটন ব্যবসায়ীরা এমনটাই মনে করছেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসবেন। এই বিষয় নিয়ে তাঁর কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রের আরও খবর, প্রতিবছর পুজোর বহু আগে থেকেই এখানকার প্রায় সব হোটেল, রিসর্ট ও হোম স্টে বুকিং হয়ে যায়। পাশাপাশি বড়দিন, ইংরাজি নববর্ষের ছুটি কাটাতে যাঁরা চলে আসেন, তাঁরা অনেকেই এই সময়েই বুকিং সেরে রাখেন। এবার এখনও বুকিং নেই। করোনা আবহে এবার সমস্যা বড় জটিল। অন্যদিকে করোনার কারণে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ট্রেন বন্ধ সেই মার্চ মাস থেকে। আবার পর্যটকদের জন্য এখনও বন্ধ রয়েছে জঙ্গল। সব মিলিয়ে পর্যটকদের বুকিং করার আগ্রহ হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের একাংশ।

