ধারাভাষ্যকার ও প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডিন জোন্স (৫৯) । সূত্রের খবর, তিঁনি আইপিএলের জন্য ধারাভাষ্য দিতে মুম্বাইয়ে এসেছিলেন ।
এ বিষয়ে আরও জানা যায়, দক্ষিণ মুম্বাইয়ের হোটেলে সকালে তাঁর সহযোগী ভাষ্যকার ব্রেট লি ও নিখিল চোপড়ার সঙ্গে ব্রেকফাস্ট করছিলেন। হোটেলে করিডরে তাঁর সহযোগী ভাষ্যকারদের সাথে বসে গল্প করছিলেন। এরপরই বুকে ব্যথা অনুভব করেন । তাঁর সহযোগী ব্রেট লি কৃত্রিম ভাবে শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন । শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
সূত্রের আরও খবর, স্টার স্পোর্টস সংস্থার ধারাভাষ্য দেওয়ার জন্য মুম্বাই এসেছিলেন ডিন জোন্স । ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ডিন জোন্স । তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি । এই দু:সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছি। একজন চ্যাম্পিয়ন ধারাভাষ্যকার যাঁকে ক্রিকেট দুনিয়া মিস করবে ।’ তাঁর মৃত্যুতে ক্রিকেট মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।

