গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন সরকারি দফতরে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২। সূত্রের খবর, প্রায় একশোটিরও বেশি ফেক ওয়েবসাইট খুলে গ্রুপ-ডি পদে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে চক্রের দুই মূল পান্ডাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রবীন্দ্রনাথ মন্ডল ও শুভজিৎ মুখার্জি। জানা গিয়েছে, রবীন্দ্রনাথ মন্ডল অভিনয়ের সাথে যুক্ত। অন্যদিকে শুভজিৎ মুখার্জি ফেক ওয়েবসাইট তৈরির কারিগর। সূত্রের আরও আরও খবর, যাদবপুর ও ঠাকুরপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে। তবে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।
পুলিশ সূত্রে আরও খবর, গতবছরের ৭ মে তারিখে বিধাননগর সাইবার ক্রাইম থানায় গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডের সেক্রেটারি রঞ্জন কুমার দে অভিযোগ দায়ের করেন, তার দফতরে বহু চাকরিপ্রার্থী আসছে ফেক জয়েনিং লেটার নিয়ে। সেই বিষয়টি যাতে খতিয়ে দেখা হয় সে বিষয়েও অনুরোধ করেন তিনি। এরপর পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে কলকাতা এলাকা থেকে রবীন্দ্র নাথ মন্ডল ও শুভজিদ মুখার্জি নামে চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে।
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা ওই দফতরের প্রায় ১০০টির মতো ফেক ওয়েবসাইট খুলেছিল।পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্টও ছড়িয়ে রেখেছিল। এই এজেন্টরাই মূলত যারা গ্রুপ-ডি পদে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল তাদেরকে খুঁজে বের করে টার্গেট করত। তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে লক্ষাধিক টাকা করে নেওয়া হত বলেও অভিযোগ।
পুলিশের অনুমান, ওয়েবসাইটে প্রার্থীদের নাম তুলে তাঁদের দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করার পাশাপাশি তাঁদেরকে একটি ভুয়ো জয়েনিং লেটার দেওয়া হত। আর এই লেটার নিয়ে যখন গ্রুপ-ডি দফতরে প্রার্থীরা আসত তখন জানতে পারতো এটি ভুয়ো। এই দুজনকে গ্রেফতার করার পর আজ তাদের বিধাননগর কোর্টে তোলা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।

