উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ১৫ জুন- মাধ্যমিকের সূচি শীঘ্রই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৫ জুন উচ্চমাধ্যমিক শুরু। সূত্রের খবর, আগামী বছরের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এক্ষেত্রে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ৩০ জুন। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। আবার স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হবে ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, করোনা আবহে স্কুলগুলিকে নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষার বিষয় নির্বাচন করে প্র্যাক্টিক্যাল সম্পূর্ণ করতে হবে। অন্যদিকে ২০ এপ্রিলের মধ্যে নম্বর সংসদে জমা দিতে হবে। একাদশ শ্রেণির লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। এই পরীক্ষা শেষ হবে ২ জুলাই। এক্ষেত্রে আরও জানানো হয়, একাদশ শ্রেণির পরীক্ষা হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। স্কুলগুলিকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে হবে ১০ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ হওয়ার সম্ভাবনা। আগামী ১ জুন পরীক্ষা শুরু হয়ে ১০ জুনের মধ্যে শেষ হতে পারে। আইসিএসই ও সিবিএসই পরীক্ষাও মে বা জুন মাস নাগাদ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

