মঙ্গলাহাট চালু করতে তৎপরতা হাওড়া হাট ব্যবসায়ী সমিতির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলাহাট খোলার দাবিতে স্মারকলিপি। সূত্রের খবর, এই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে জেলা প্রশাসন। এ মাসের মাঝামাঝিতে হাওড়ার মঙ্গলাহাট চালু হওয়ার কথা রয়েছে। সূত্রের আরও খবর, করোনা পরিস্থিতিতে সংক্রমণের বিষয়টি মাথায় রেখে কিছু বিধিনিষেধ-সহ এই পাইকারি ও খুচরো বস্ত্রহাট দুর্গাপুজোর আগে চালু করতে তৎপর জেলা প্রশাসন। এই তৎপরতা শুরু হলেও এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। এই সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা চূড়ান্ত হয়নি বলেও খবর। তবে হাট খোলার দাবি আরও জোরালো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্যদিকে হাট বসা না পর্যন্ত এই হাটের প্রায় ২০ হাজার খুচরো ব্যবসায়ীকে মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়ার দাবিও তোলা হয়েছে। হাওড়া হাট ব্যবসায়ী সমিতি এই দাবি জেলাশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। ওই সমিতির বক্তব্য, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হাট বসাতে হবে। ব্যবসায়ীদের অন্যত্র সরানোরও বিরোধিতা করা হয়েছে। আবার এই মঙ্গলাহাটকে ভবিষ্যতে একটি সফল কমার্শিয়াল হাব হিসেবে গড়ে তোলার দাবিও জানানো হয়েছে। মঙ্গলাহাটকে অন্যত্র সরানোর দাবিও উঠেছে বিভিন্ন সময়ে।

