আন্তর্জাতিক পুরস্কার খড়গপুর আইআইটি-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরস্কৃত আইআইটি। ডিজিটাল গ্রন্থাগারের সূচনা হয় প্রায় ৭ বছর পূর্বে। এবার আন্তর্জাতিক পুরস্কার পেল আইআইটি খড়গপুর। উল্লেখ করা যায়, এই প্রতিষ্ঠানে তৈরি জাতীয় ডিজিটাল গ্রন্থাগার জয়ী হয়েছে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড-২০২১’। ডিজিটাল ব্যবস্থায় সামাজিক প্রতিকূলতার সমাধানে এই পুরস্কার বিবেচনা করা। এক্ষেত্রে জানা যায়, ১৮২টি দেশের ৩৮০টি প্রকল্পের মধ্যে ৪০টিকে পুরস্কৃত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে খড়গপুর আইআইটি-র তৈরি এই ‘ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া’।
এ বিষয়ে আরও জানানো হয়েছে, গত ২০১৫ সালে এই ই-লাইব্রেরির পথচলা শুরু। বিনামূল্যে সাধারণের জন্য এই গ্রন্থাগারে ৫.৫ কোটি শিক্ষার সম্পদ মজুত রয়েছে। আইআইটি সূত্রে জানানো হয়, ১০টি ভারতীয় ভাষায় ই-বুক ছাড়াও অডিও-বুক, ভিডিও বক্তৃতা, প্রেজেন্টেশন ও প্রশ্নপত্র-সহ প্রাথমিক থেকে স্নাতকোত্তর স্তরের বিভিন্ন শিক্ষাসামগ্রী মজুত রয়েছে। এছাড়া প্রযুক্তি, সমাজ-বিজ্ঞান, সাহিত্য, আইনবিদ্যা ও চিকিৎসাবিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের বইও পাওয়া যায়।

