made in chinaOthers 

চিনা পণ্যে চড়া শুল্ক চাপাতে চলেছে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সীমান্ত সংঘাতে জবাব দিতে তৈরি ভারত।এবার বাণিজ্যিক যুদ্ধেও বেজিংকে কোণঠাসা করতে মরিয়া।সূত্রের খবর, ভারত সরকার স্থির করেছে, অন্তত ৩০০টি চিনা পণ্যকে তালিকাভুক্ত করে চড়া আমদানি শুল্ক চাপানো হবে।এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করা শুরু হয়েছে বলেও খবর।উল্লেখ্য, মঙ্গলবার ভারত সরকারের ডিপার্টমেন্ট অব রেভিনিউ চিন থেকে আসা ফ্ল্যাট রোলড স্টিল, জিঙ্ক, অ্যালুমিনিয়াম ইত্যাদির উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে।এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে ৫ বছরের জন্য।পাশাপাশি স্থির হয়েছে, চিন থেকে ভারতে আসা সোলার উপকরণের উপর ২০ শতাংশ শুল্ক বসানো হবে।ভারতে সোলার উপকরণ সাপ্লাইয়ে চিন প্রায় একচ্ছত্র রপ্তানিকারক দেশ।ভারতে এই সংক্রান্ত বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ উপকরণই আসে চিন থেকে।চিনের সাপ্লাই লাইনের উপরই সোলার প্যানেল নির্মাণের শিল্পটি নির্ভরশীল।সূত্রের আরও খবর, ভারতের বহু শিল্প সংস্থাই সোলার প্যানেল উপকরণ নির্মাণে এগিয়ে এসেছে। তবে চিনের বিপুল সংখ্যক রপ্তানির কারণে তারা টিকতে পারছে না।এই অবস্থায় অভ্যন্তরীণ শিল্পকে সুরাহা দিতে এবং চিন নির্ভরতা কমাতে নতুন করে জুলাই মাস থেকে ২০ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, সরকারি কেনাবেচার ক্ষেত্রে প্রোডাক্টের প্যাকেটে লিখে দিতে হবে সেটির নির্মাতা দেশের নাম।

প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে ২০১৮-১৯ সালে ৮৮০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। এর মধ্যে ৫৩০০ কোটি ডলার চিনের।এই ঘোষণার পরই মঙ্গলবার রাত থেকে কাস্টমস বিভাগ দেশের বিভিন্ন বন্দরে আমদানি হওয়া পণ্যের কনসাইনমেন্ট আটকে রেখেছে।প্রতিটি সাপ্লাই পরীক্ষার পর সেগুলি বন্দর থেকে দেশে ঢুকবে।জানা গিয়েছে, ২টি ভাগে ৩০০টি চিনা পণ্যকে বাছাই করা হচ্ছে।ওই পণ্যগুলির উপর চড়া হারে শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। সেগুলির মধ্যে রয়েছে-ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ও মেডিক্যাল সরঞ্জাম।আবার ফার্নিচার, খেলনা এবং ইলেকট্রিক্যাল পণ্যের উপর নতুন কর আরোপিত হয়েছে।জানা গিয়েছে, এর মধ্যে অর্ধেক পণ্যের উপর আরোপ করা হবে আমদানি শুল্ক।আর বাকিগুলির উপর সরাসরি ট্যাক্সের বোঝা চাপানো না হলেও চালু হতে পারে লাইসেন্স প্রথা। পাশাপাশি পরবর্তীতে শুল্ক চাপানোর বিষয়টিও ভাবছে বস্ত্রশিল্প। বাণিজ্যিকভাবে চিনকে জোর ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Related posts

Leave a Comment