জো বাইডেন হলেন প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আমেরিকার নতুন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। তাঁর বয়স ৭৮বছর। মার্কিন ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট হলেন তিনিই। আমেরিকার রাজনীতির সঙ্গে কয়েক দশক ধরে জড়িয়ে রয়েছেন বাইডেন ৷ প্রথমে সেনেটার এবং পরবর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হন। এবার ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে তিনি নির্বাচিত হলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ৷ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইতিহাস রচিত হল। বাইডেনই হলেন প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট। এর আগে আমেরিকার সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সময় তাঁর বয়স ছিল ৭০ বছর ৷ মার্কিন প্রেসিডেন্ট লড়াই শুরু হওয়ার সময় বাইডেনের মন্তব্য ছিল- দেশকে আলোর দিশা দেখানোর জন্যই লড়বেন তিনি ও তাঁর দল। মাত্র ২৯ বছর বয়সে দেলাওয়ারের মার্কিন সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ৩৬ বছরের তাঁর সেনেটর জীবন ৷ আবার ২০০৯ সাল থেকে ২০১৭সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি ৷ ওবামার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন জো বাইডেন ৷ সামলেছেন বিদেশ নীতি থেকে অভ্যন্তরীন সমস্যাও ৷
জো বাইডেনের জন্ম হয়েছিল ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে। চার ভাই-বোনের মধ্যে সবার বড় বাইডেন বেড়ে ওঠেন স্ক্রানটন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়ারের মধ্যেই। বাবা জোসেফ রবিনেট বাইডেন আইরিশ বংশোদ্ভূত মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান। ডেলাওয়ার ইউনিভার্সিটিতে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। পরে তিনি আইনের ডিগ্রিও গ্রহণ করেছিলেন।
জানা যায়, ১৯৬৬ সালে সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন নিলিয়া হান্টারকে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান । ১৯৭২ সালে এক সড়ক দুর্ঘটনায় নিলিয়া মারা যান। তাঁর মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ভেঙেপড়লেও ঘুরে দাঁড়িয়েছেন বাইডেন। মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট হয়ে নজির গড়লেন তিনিই।

